ফ্রান্সে চলমান তীব্র তাপপ্রবাহের কারণে গত ২৪ থেকে ২৭ জুনের মধ্যে প্রায় ১,০০০ অতিরিক্ত মৃত্যুর ঘটনা ঘটেছে। দেশটির জনস্বাস্থ্য সংস্থা Santé publique France জানিয়েছে, ২০০৩ সালের ভয়াবহ তাপপ্রবাহের পর এটিই সবচেয়ে মারাত্মক গরমের ঘটনা।
প্রতিবেদন অনুযায়ী, ২৫ ও ২৬ জুন সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটে। নিহতদের প্রায় ৮৫ শতাংশের বয়স ছিল ৬৫ বছর বা তার বেশি।
বিশেষ করে ইল-দ্য-ফ্রঁস (Île-de-France) অঞ্চলে নিজ বাড়িতে মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী স্টেফানি রিস্ট বলেন, উন্নত সতর্কতা ব্যবস্থা এবং দ্রুত সরকারি পদক্ষেপের কারণে পরিস্থিতি উদ্বেগজনক হলেও ২০০৩ সালের মতো ভয়াবহ প্রাণহানির আশঙ্কা তুলনামূলক কম।
উল্লেখ্য, ২০০৩ সালে ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে প্রায় ১৫ হাজার অতিরিক্ত মানুষের মৃত্যু হয়েছিল, যা দেশটির ইতিহাসে অন্যতম ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ হিসেবে বিবেচিত হয়।
