ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্যে যোগ দিতে তেহরানের পথে রওনা হচ্ছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।
আগামী ২ জুলাই তিনি রাজধানী ঢাকা ছেড়ে ইরানের উদ্দেশে যাত্রা করবেন বলে জানা গেছে।
মঙ্গলবার (৩০ জুন) এ তথ্য জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তার বরাত দিয়ে জানা যায়, খামেনির রাষ্ট্রীয় পর্যায়ের শেষকৃত্য ও জানাজার আনুষ্ঠানিকতা আগামী ৪ থেকে ৯ জুলাই পর্যন্ত ইরানের তেহরান, কোম ও মাশহাদ শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
দেশের সরকার এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিনিধি হিসেবে এই জানাজায় উপস্থিত থাকবেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
প্রসঙ্গত, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক হামলায় প্রাণ হারান আয়াতুল্লাহ আলী খামেনি।
