প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই)-এর বিশেষ অভিযানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের কার্গো কম্পার্টমেন্ট থেকে বিপুল পরিমাণ স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে।
জানা গেছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট BG-148-এর কার্গো কম্পার্টমেন্টে অভিযান চালিয়ে ১৮ দশমিক ৭২০ কেজি ওজনের মোট ১৬০টি স্বর্ণের বার জব্দ করা হয়।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উড়োজাহাজটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর থেকেই নজরদারিতে রাখা হয়। পরে এভসেক, কাস্টমস এবং বিমান সিকিউরিটির প্রতিনিধিদের উপস্থিতিতে কার্গো কম্পার্টমেন্টে তল্লাশি চালানো হয়।
তল্লাশির একপর্যায়ে কার্গোর অভ্যন্তরীণ প্যানেলের ভেতরে কালো টেপে মোড়ানো অবস্থায় লুকিয়ে রাখা স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।
ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত এবং স্বর্ণের চালানের উৎস ও গন্তব্য সম্পর্কে তদন্ত চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
