শনিবার, ১৮ জুলাই ২০২৬
Logo
×
চট্টগ্রাম বন্যা

কক্সবাজারের পেকুয়ায় বন্যার পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

প্রথম সমাচার ডেস্ক ১২ জুলাই ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন

কক্সবাজারের পেকুয়া উপজেলায় বন্যার পানিতে ডুবে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত রাত আনুমানিক ৯টার দিকে উপজেলা সদর ইউনিয়নের বলিরপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

মৃত শিশুটির নাম মুশফিকুর রহিম। সে বলিরপাড়া এলাকার বাসিন্দা নাছির উদ্দীনের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে খাবার খাচ্ছিল শিশুটি। এক পর্যায়ে বাবা-মায়ের অজান্তে খাবারের বাটি হাতে নিয়ে সে ঘরের বাইরে চলে যায় এবং বাড়ির সামনে জমে থাকা বন্যার পানিতে পড়ে যায়।

কিছুক্ষণ পর শিশুটিকে খুঁজে না পেয়ে স্বজনেরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির দরজার সামনের জমে থাকা পানিতে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়। স্থানীয় লোকজন তাকে মৃত ঘোষণা করেন।

সদর ইউনিয়নের সংশ্লিষ্ট ইউপি সদস্য সাহেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাবা-মায়ের অগোচরে শিশুটি ঘর থেকে বেরিয়ে বন্যার পানিতে পড়ে যায় এবং খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির সামনেই তার মরদেহ পাওয়া যায়।

খবর পেয়ে পেকুয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হয়েছে।

উল্লেখ্য, টানা কয়েক দিনের ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে পেকুয়া উপজেলার বিস্তীর্ণ এলাকা এখনও প্লাবিত অবস্থায় রয়েছে। বিভিন্ন এলাকায় বাড়ির আঙিনা ও সড়কে পানি জমে থাকায় শিশুদের জন্য ঝুঁকি বেড়েছে। বন্যাকবলিত এলাকার অভিভাবকদের শিশুদের নিরাপত্তার ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা!

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...