বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
Logo
×

সম্পত্তির বিবরণ দিলেন আসিফ মাহমুদ

প্রথম সমাচার ডেস্ক ০৪ মার্চ ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন

সদ্য সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নিজের সম্পত্তির বিবরণ তুলে ধরেছেন। সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থিতার আলোচনা শুরুর পর নিজের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের জবাব দিতে এমন উদ্যোগ নেন।

বুধবার (৪ মার্চ) সন্ধ্যা ৭টায় এক জরুরি সংবাদ সম্মেলন ডেকে তিনি উপদেষ্টা থাকাকালীন বেতন-ভাতা বাবদ ব্যাংক স্টেটমেন্ট জনসমক্ষে প্রকাশ করেন।

এদিকে আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। সোমবার (২ মার্চ) বিকেলে বিএফআইইউর পক্ষ থেকে দেশের ৫৬টি তফসিলি ব্যাংক ও অন্যান্য নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানে এ তলবনামা পাঠানো হয়।

ব্যাংকগুলোতে পাঠানো চিঠিতে আগামী তিন কর্মদিবসের মধ্যে আসিফ মাহমুদের ব্যক্তিগত অ্যাকাউন্টের সব তথ্য নথিভুক্ত করে বিএফআইইউতে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (৩ মার্চ) দিবাগত রাত ১২টা ৫ মিনিটের দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নিজ উদ্যোগে ব্যাংক হিসাবের তথ্য প্রকাশ করবেন বলে জানান তিনি।

বুধবার বিকেলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ভেরিফায়েড ফেসবুক পেজ এবং আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ফেসবুকে ভেরিফায়েড পেজে দেওয়া পৃথক পোস্টে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

পোস্টে বলা হয়, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সন্ধ্যা ৭টায় বাংলামোটর কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে কথা বলবেন। এ সময় তিনি তার ব্যাংক স্টেটমেন্ট প্রকাশ করবেন।

পোস্টে আরও বলা হয়, ‘সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার প্রার্থিতার আলোচনা শুরু হলে ফ্যাসিস্ট এনাবলার সাকিব আল হাসানের ভক্ত পরিচয়ে একদল লোক বেনামে দুদকে কাল্পনিক দুর্নীতির অভিযোগ জানায়। এর পরিপ্রেক্ষিতে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার ব্যাংক স্টেটমেন্ট জনসমক্ষে প্রকাশের সিদ্ধান্ত নিয়েছেন।’

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...