ইতিহাসের বিভিন্ন উদাহরণ টেনে রুহুল কবীর রিজভী বলেন, জার্মানিতে হিটলারের শাসনামলে যেমন অনেক প্রখ্যাত দার্শনিক ও সাহিত্যিক ফ্যাসিবাদের পক্ষে অবস্থান নিয়েছিলেন, বাংলাদেশেও তেমনি অনেক পরিচিত বুদ্ধিজীবী বিগত স্বৈরাচারী সরকারের পক্ষে কাজ করেছেন।
স্বাধীনতার পর প্রখ্যাত লেখক ও বুদ্ধিজীবী বদরুদ্দীন উমরকে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতায় ফিরতে না দেওয়ার ঘটনার উল্লেখ করে তিনি বলেন, প্রকৃত শিক্ষা কেবল সার্টিফিকেট অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং বিবেক, মনুষ্যত্ব ও দুঃসময়ে সত্যের পক্ষে দাঁড়ানোর মধ্যেই শিক্ষার সার্থকতা নিহিত।
নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন প্রখ্যাত অর্থনীতিবিদ ও জাতীয় অধ্যাপক ড. মাহবুব উল্লাহ। তার রাজনৈতিক ও সংগ্রামী জীবনের স্মৃতিচারণা করে রুহুল কবীর রিজভী বলেন, ১৯৬৯-৭০ সালে আনুষ্ঠানিক স্বাধীনতা ঘোষণার আগেই ড. মাহবুব উল্লাহর তৎকালীন ছাত্রসংগঠন সাহসিকতার সঙ্গে স্বাধীনতার প্রস্তাব গ্রহণ করেছিল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য এম এ কাশেম ও বেনজীর আহমেদ। স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক নেছার ইউ আহমেদ। আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শেখ হাসিনাকে প্রত্যর্পণ করা হবে, প্রত্যাবর্তনের সুযোগ নেই: রিজভী