ঢাকায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে জামালপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাতভর টহল ও চেকপোস্ট জোরদার করেছে জেলা পুলিশ।
রোববার (২০ সেপ্টেম্বর) রাত ১টার দিকে জামালপুর শহর ও বিভিন্ন প্রবেশপথে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালাতে দেখা যায় পুলিশ সদস্যদের। এ সময় সন্দেহজনক ব্যক্তি ও যানবাহন থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
পুলিশ জানায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর পক্ষ থেকে ২০ সেপ্টেম্বর ঢাকায় ‘লকডাউন’ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে। কর্মসূচিকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে অপ্রীতিকর ঘটনা ঘটার খবরের পরিপ্রেক্ষিতে জামালপুরেও সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ও প্রবেশপথে চেকপোস্ট বসানো হয়েছে।
তল্লাশির সময় সন্দেহজনক কোনো ব্যক্তি বা যানবাহন দেখা গেলে তা থামিয়ে চালক ও যাত্রীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকায় পুলিশের রাত্রিকালীন টহল জোরদার করা হয়েছে।
জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ইয়াহিয়া আল মামুন বলেন, ‘জামালপুরের মানুষ যেন শান্তিতে থাকতে পারে, শান্তিতে ঘুমাতে পারে এবং শহরে যেন কেউ নাশকতা করতে না পারে, সেজন্য আমরা রাত জেগে টহল দিচ্ছি। বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে। সন্দেহজনক কাউকে দেখলে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

এই পার্টির ভবিষ্যৎ জিরো: ইশরাক হোসেন
পদত্যাগ করানো সরকারের ‘শর্টটাইম প্যারাসিটামল থেরাপি’: হাসনাত আবদুল্লাহ
জামায়াত-এনসিপির সাইবার বুলিংয়ের কারণেই ইশরাক হোসেনের পদত্যাগ: ফারুক হাসান