ঠাকুরগাঁও পৌরসভার ওয়াবদা কলোনি এলাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থীর প্রচার মাইকিংয়ের রিকশা ভাঙচুর ও চালককে মারধর করে আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের পরিচয় শনাক্ত করে গ্রেফতারের দাবি জানিয়েছে দলটি।
সোমবার (১৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান আলীর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় রিকশাচালকের বক্তব্য নেওয়া হয় এবং এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয় ।
ইসলামী আন্দোলন বাংলাদেশের ঠাকুরগাঁও-১ নির্বাচন পরিচালনা কমিটির প্রচার সমন্বয়কারী মুফতি রাহাত ইসলাম সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
সংবাদ বিজ্ঞপ্তিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের অভিযোগ উত্থাপন করে বলা হয়, রোববার রাতে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দলটির মনোনীত প্রার্থী হাফেজ ডা. মো. খাদেমুল ইসলামের প্রচার মাইকিংয়ের কাজে ব্যবহৃত রিকশাটি ওয়াবদা কলোনি এলাকায় পৌঁছালে চারজন ব্যক্তি পথরোধ করেন। এ সময় তারা ধারালো চাকু দেখিয়ে রিকশাচালককে ভয়ভীতি প্রদর্শন ও চাঁদা দাবি করেন।
দলটির দাবি, চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ওই ব্যক্তিদের একজন রিকশার সামনের গ্লাস ভেঙে দেন এবং চালককে আহত করেন। পরে তারা ঘটনাস্থল থেকে চলে যান।
ঘটনার পর রিকশাচালক বিষয়টি ইসলামী আন্দোলন বাংলাদেশ ঠাকুরগাঁও পৌরসভা শাখার সেক্রেটারি হাফেজ হাবিবুর রহমানকে জানান। পরে তিনি চালকের প্রাথমিক চিকিৎসা ও রিকশাটি মেরামতের ব্যবস্থা করেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
ঘটনার বিষয়ে পুলিশের পক্ষ থেকে অভিযুক্ত ব্যক্তিদের পরিচয়, তাদের বিরুদ্ধে অভিযোগের অগ্রগতি কিংবা মামলা হয়েছে কি না-এসব বিষয়ে বিস্তারিত তথ্য সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি। তবে, পুলিশ অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দিয়েছে বলে জানিয়েছে দলটি।
ঘটনাস্থল পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) শেখ মুহাম্মাদ আল-আমিন এবং ঠাকুরগাঁও পৌরসভা শাখার সভাপতি মুহাম্মাদ আনোয়ার হোসেন।
এ সময় দলটির নেতারা বলেন, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। তারা অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান।

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা গ্রেফতার
প্রধানমন্ত্রীর সফরে চিন্ময়ের মুক্তির দাবিতে বিক্ষোভের পরিকল্পনা
জুলাই অভ্যুত্থানে শহীদ ৯ সনাতন ধর্মাবলম্বীকে নিয়ে বই ‘বিসর্জন’