সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
Logo
×

আগামীকাল চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা

Icon প্রথম সমাচার ডেস্ক

বিএনপি নেতারা জানান, রেডিসনের সভায় অংশগ্রহণকারীদের তালিকা তৈরির কাজ শেষ হয়েছে। এই সভায় পাঁচশো জন নেতাকর্মী অংশ নেবেন। অংশগ্রহণকারীর সংখ্যা গত ৮ আগস্টের সভার তুলনায় কম রাখা হয়েছে। তারা আরও জানান, এবারের সাংগঠনিক সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থীকে জেতাতে ঐক্যবদ্ধ থাকার ব্যাপারে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিতে পারেন। এছাড়া কিছু নির্দিষ্ট এজেন্ডায় প্রধানমন্ত্রী দলীয় নেতাদের সঙ্গে আলাপ করবেন বলে জানা গেছে।

এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন ঘিরে সনাতন ধর্মালম্বীদের মধ্যে বাড়তি উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। এবারই প্রথম দেশের কোনো প্রধানমন্ত্রী দুর্গাপূজায় শুভেচ্ছা জানাতে চট্টগ্রামে আসছেন। তার আগমন ঘিরে দলীয় নেতাকর্মীরাও উচ্ছ্বসিত। নগরের লালখান বাজার থেকে আন্দরকিল্লা সড়কগুলো নতুন রঙে সেজেছে। একই সঙ্গে অন্যান্য সাজসজ্জার কাজও শেষ করেছে সিটি কর্পোরেশন।

চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সৌরভ প্রিয় পালন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদের সনাতন ধর্মালম্বীদের দুর্গাপূজার শুভেচ্ছা জানাতে চট্টগ্রামে আসছেন। তার আগমনপূজায় বাড়তি আনন্দ যোগ করেছে। আমরা তাকে স্বাগত জানাতে প্রস্তুত রয়েছি।

অপরদিকে নগর জামায়াত নেতারা জানান, জামায়াতে ইসলামীর আমীর ও সংসদে বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান আগামীকাল মঙ্গলবার সকাল ৯টায় চট্টগ্রাম পৌঁছাবেন। তিনি সকাল ৯টায় ঢাকা থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। এরপর তিনি নগরের চকবাজারের সাফা অর্কিড কনভেনশন হলে উত্তর জেলা জামায়াত আয়োজিত ইউনিয়ন দায়িত্বশীল সমাবেশে যোগ দেবেন।

সেখানে আসন্ন নির্বাচনসহ দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বিষয়ে বক্তব্য রাখবেন তিনি। পরে ১২টার মধ্যে জিইসি কনভেনশন হলে মহানগর জামায়াত আয়োজিত সাবেক সাথী ও সদস্য সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন ডা. শফিকুর রহমান। সম্মেলন শেষে বিকেলে তার ঢাকায় ফিরে যাওয়ার কথা রয়েছে।

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেন, প্রধানমন্ত্রী রাজশাহী থেকে সরাসরি সামরিক বিমানে চট্টগ্রামে আসবেন বিকাল ৫টায়। ৪৫ মিনিট জেএম সেন হল পূজামন্ডপে থাকবেন তিনি। এরপর সাংগঠনিক সভায় অংশ নেবেন। সেখানে পাঁচশ নেতাকর্মী অংশগ্রহণের সুযোগ পাবেন।

প্রধানমন্ত্রী যে বার্তা দিতে চাচ্ছেন তা হলো, কোন কর্মী বা নেতা শৃঙ্খলা ভঙ্গ করলে দলে তার ঠাঁই হবে না। শৃঙ্খলার সঙ্গে দলীয় কমান্ড মেনে সংগঠন করতে হবে। সেইসাথে স্থানীয় সরকার নির্বাচনের বিষয়টি গুরুত্ব পাবে সভায়। তিনি বলেন, ইতিমধ্যে প্রধানমন্ত্রীকে বরণ করে নিতে আমরা প্রস্তুতি শেষ করেছি।

চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান বলেন, সম্প্রীতিই আমাদের সবচেয়ে বড় শক্তি। আর সেই সম্প্রীতি রক্ষায় আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান আজ চট্টগ্রামে আসছেন। গেল ১২ ফেব্রুয়ারি দ্বিধাহীন চিত্তে সনাতন ধর্মালম্বী ভাইবোনেরা আমাদের জাতীয়তাবাদী দলকে (বিএনপি) ভোট দিয়েছেন। সেই আস্থার মর্যাদা রাখতে তিনি নিজ উদ্যোগে চট্টগ্রামের পূজায় আসছেন।

চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমীর আলাউদ্দিন সিকদার বলেন, সকালে বিমান যোগ বিরোধীদলীয় নেতা চট্টগ্রামে আসবেন। প্রথমে উত্তর জেলার ইউনিয়ন দায়িত্বশীলদের নিয়ে আয়োজিত একটি দায়িত্বশীল সম্মেলনে তিনি যোগ দেবেন। বিকেলে তিনি ঢাকায় ফিরে যাবেন।

চট্টগ্রাম মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মোরশেদুল ইসলাম চৌধুরী বলেন, শিবিরের সাবেক সাথী ও সদস্যদের নিয়ে একটি সম্মেলনের আয়োজন করেছে নগর জামায়াত। সেখানে প্রধান অতিথি হিসেবে আমীর যোগ দেবেন। দুটি কর্মসূচি ছাড়া আর কোনো কর্মসূচি নেই। বিকেলে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেবেন।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com