সোমবার, ১৮ মে ২০২৬
Logo
×

আগামী বছর জানুয়ারির শেষে এসএসসি ও জুনে এইচএসসি পরীক্ষা

প্রথম সমাচার ডেস্ক ১৩ মে ২০২৬, ১১:১৭ অপরাহ্ন

দেশের শিক্ষাব্যবস্থায় বিরাজমান সেশনজট কাটিয়ে উঠতে আগামী বছরের পাবলিক পরীক্ষার সম্ভাব্য সময়সূচি ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

তিনি জানিয়েছেন, আগামী বছর এসএসসি পরীক্ষা জানুয়ারির শেষ সপ্তাহে এবং এইচএসসি পরীক্ষা জুন মাসে আয়োজন করা হবে।

বুধবার বিকেলে গাজীপুরের বোর্ড বাজারে অবস্থিত ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) ক্যাম্পাসে ‘শ্রেষ্ঠত্ব’ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই তথ্য জানান।

শিক্ষামন্ত্রী তার বক্তব্যে বলেন, করোনা মহামারিসহ বিভিন্ন কারণে গত কয়েক বছরে দেশের শিক্ষাব্যবস্থায় যে সেশনজট তৈরি হয়েছে, তা ধীরে ধীরে স্বাভাবিক পর্যায়ে ফিরিয়ে আনতে শিক্ষা মন্ত্রণালয় নিরলস কাজ করছে।

শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত মানসিক চাপ কমানো এবং পাঠদান কার্যক্রম সুশৃঙ্খল রাখতে এই বাস্তবসম্মত সময়সূচি নির্ধারণ করা হয়েছে। মন্ত্রী আরও উল্লেখ করেন যে, প্রাথমিকভাবে চলতি বছরের ডিসেম্বরে পাবলিক পরীক্ষা আয়োজনের পরিকল্পনা থাকলেও শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মতামতকে প্রাধান্য দিয়ে সরকার সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে।

তবে আগামী বছরগুলোতে সেশনজট পুরোপুরি নিরসন করে পরীক্ষাগুলো নির্ধারিত সময়ে আয়োজনের লক্ষ্য নিয়ে কাজ চলছে।

শিক্ষার্থীদের শিক্ষাজীবন নিয়ে উদ্বেগ প্রকাশ করে মন্ত্রী বলেন, মন্ত্রণালয় ও নীতিনির্ধারকদের কারণে কোনো শিক্ষার্থীর জীবন থেকে যেন অতিরিক্ত সময় নষ্ট না হয়, সে জন্য ধাপে ধাপে সবকিছু সমন্বয় করা হচ্ছে। এরই অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি ও একাডেমিক কার্যক্রম নিয়মিত করার বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি প্রতিটি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার ৩১ ডিসেম্বরের মধ্যে শেষ করার ওপর গুরুত্বারোপ করেন।
আইইউটির উপাচার্য ড. মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. হিসাইন আরাবি নূরসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তারা।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ কৃতিত্ব অর্জনকারী শিক্ষক ও শিক্ষার্থীদের হাতে প্রশংসাপত্র ও সম্মাননা স্মারক তুলে দেন শিক্ষামন্ত্রী।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...