শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Logo
×

আজ ঐতিহাসিক ১০ নভেম্বর, শহীদ নূর হোসেন দিবস

Icon প্রথম সমাচার ডেস্ক

আন্দোলনের ইতিহাসে স্মরণীয় ১০ নভেম্বর আজ মঙ্গলবার। শহীদ নূর হোসেন দিবস। ১৯৮৭ সালের এই দিনে তৎকালীন স্বৈরশাসক হুসেইন মুহম্মদ এরশাদের বিরুদ্ধে আন্দোলন চলাকালে রাজধানীর গুলিস্তানে পুলিশের গুলিতে শহীদ হন যুবলীগ নেতা নূর হোসেন। বুকে-পিঠে ‘গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক’ স্লোগান লিখে রাজপথে নেমেছিলেন তিনি। তার আত্মত্যাগ স্বৈরাচারবিরোধী আন্দোলনকে আরও বেগবান করে।

নূর হোসেনের স্মরণে রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্টের নামকরণ করা হয়েছে ‘শহীদ নূর হোসেন স্কয়ার’। প্রতিবছর ১০ নভেম্বর বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করে। দিনটি গণতন্ত্র মুক্তি দিবস হিসেবেও পরিচিত। রাজনৈতিকবিশ্লেষণ

১৯৮৭ সালের ১০ নভেম্বর ১৫ দল, ৭ দল ও ৫ দলের সচিবালয় ঘেরাও ও অবস্থান ধর্মঘট কর্মসূচি ছিল। এ কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, ছাত্র-জনতা ও গণতন্ত্রকামী মানুষ অংশ নেন। আন্দোলনকারীদের ওপর পুলিশের গুলিতে নূর হোসেন ছাড়াও যুবলীগ নেতা নূরুল হুদা বাবুল এবং কিশোরগঞ্জের বাজিতপুরের ক্ষেতমজুর নেতা আমিনুল হুদা টিটো শহীদ হন।

নূর হোসেনের আত্মত্যাগের মধ্য দিয়ে স্বৈরাচারবিরোধী আন্দোলন নতুন গতি পায়। ধারাবাহিক আন্দোলন, রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ কর্মসূচি এবং ছাত্র-জনতার প্রতিরোধের মুখে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর এরশাদ ক্ষমতা ছাড়তে বাধ্য হন। এর মধ্য দিয়ে অবসান ঘটে প্রায় নয় বছরের স্বৈরশাসনের।

এদিকে, জাতীয় পার্টি ১০ নভেম্বরকে ‘গণতন্ত্র দিবস’ হিসেবে পালন করে। ১৯৮৬ সালের এই দিনে তৎকালীন প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদ জাতির উদ্দেশে ভাষণে সামরিক আইন প্রত্যাহারের ঘোষণা দিয়েছিলেন। সেই ঘটনাকে স্মরণ করে দলটি প্রতিবছর দিবসটি পালন করে আসছে।

শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন রাজধানীর গুলিস্তানে শহীদ নূর হোসেন স্কয়ারে শ্রদ্ধা নিবেদনসহ নানা কর্মসূচি গ্রহণ করেছে।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com