প্রথম সমাচার ডেস্ক:
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনার পরপরই হাতেনাতে গ্রেপ্তার মো. দেলোয়ার হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। আদালতে রাষ্ট্র পক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার বেলা ১১টা ১৮ মিনিটের দিকে কোতোয়ালি থানাধীন সিএমএম আদালতের হাজতখানার সামনের পাকা রাস্তায় ককটেল সদৃশ বোমার বিস্ফোরণ ঘটে।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) ও মো. আবদুর রহমান আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।
রিমান্ড আবেদনে বলা হয়, মামলার প্রকৃত রহস্য উদঘাটন, বোমা তৈরির সরঞ্জাম সংগ্রহকারীদের শনাক্ত, পলাতক অন্য আসামিদের গ্রেপ্তার এবং অর্থযোগানদাতা ও নির্দেশদাতাদের নাম-ঠিকানা জানতে আসামিকে নিবিড় জিজ্ঞাসাবাদ প্রয়োজন। এজন্য পাঁচ দিনের রিমান্ড একান্ত জরুরি।
মামলার বিবরণী থেকে জানা যায়, বৃহস্পতিবার বেলা ১১টা ১৮ মিনিটের দিকে কোতোয়ালি থানাধীন সিএমএম আদালতের হাজতখানার সামনের পাকা রাস্তায় অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা ককটেল সদৃশ বোমার বিস্ফোরণ ঘটায়। জনমনে আতঙ্ক সৃষ্টি ও আদালতের স্বাভাবিক কার্যক্রমে বিঘ্ন ঘটানোই ছিল এর উদ্দেশ্য। বিস্ফোরণে ঘটনাস্থলে থাকা অ্যাডভোকেট হৃদয় মিয়া আহত হন। সহকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
ঘটনার পরপরই আদালত ভবনের ৯ নম্বর কোর্টের সামনে থেকে উপস্থিত জনসাধারণ দেলোয়ারকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইমসিন ইউনিট ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ককটেলের বারুদের সোয়াব, জর্দার কৌটার অংশবিশেষ, লাল কচটেপ, পেরেক ও কাঁচের টুকরাসহ বেশ কিছু আলামত সংগ্রহ করে।
এ ঘটনায় পুলিশের উপ-পরিদর্শক কে এম আবদুল হক বাদী হয়ে বিস্ফোরক দ্রব্য আইনে কোতোয়ালি থানায় মামলা করেন।
সূত্র: মূল প্রতিবেদন
