প্রথম সমাচার ডেস্ক:
রমজানের আগে সয়াবিন তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত বাজারকে নতুন করে অস্থির করে তুলবে বলে অভিযোগ করেছেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন। তিনি বলেছেন, ব্যবসায়ীদের চাপের মুখে সরকার ভোক্তাদের স্বার্থ উপেক্ষা করে দাম বাড়ানোর অনুমোদন দিয়েছে, যা সরকারের দায়িত্বহীনতার পরিচয়।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ৩ টাকা বাড়ানোর সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় এসব কথা বলেন তিনি।
তার অভিযোগ, রমজানকে সামনে রেখে সয়াবিন তেলের আমদানিকারকরা দাম বাড়ানোর প্রস্তুতি হিসেবে সরবরাহ কমিয়ে দিয়েছেন। এর ফলে সরকারকে দাম বাড়ানোর সিদ্ধান্ত নিতে বাধ্য করা হয়েছে। বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ২০৭ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম ১৮৮ টাকা নির্ধারণের সিদ্ধান্ত নিত্যপণ্যের বাজারে নতুন করে অস্থিরতা তৈরি করবে।
নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে এমনিতেই গার্মেন্টস শ্রমিকসহ সীমিত আয়ের মানুষ চরম অসন্তোষে রয়েছেন। এ পরিস্থিতিতে সয়াবিন তেলের দাম বাড়ানো হলে সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ তৈরি হবে বলে মনে করেন তিনি।
এস এম নাজের হোসাইন বলেন, রমজার আগে সয়াবিন তেলের দাম বাড়ানোর জন্য কয়েক সপ্তাহ ধরে ব্যবসায়ীরা নানা কৌশল অবলম্বন করছেন। সর্বশেষ ২০২২ সালে সয়াবিন তেলের দাম সর্বোচ্চ পর্যায়ে উঠেছিল। ওই সময় আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধসহ বিভিন্ন কারণ দেখানো হয়েছিল। কিন্তু এবার দাম বাড়ানোর পক্ষে তেমন কোনো যুক্তি না থাকলেও ব্যবসায়ীদের চাপে সরকার শেষ পর্যন্ত তাদের দাবি মেনে নিয়েছে।
তিনি আরও বলেন, সরকার ১৮ কোটি ভোক্তার স্বার্থ বিবেচনা না করে শুধু ব্যবসায়ীদের স্বার্থকে প্রাধান্য দিয়ে নীতি নির্ধারণ করলে সাধারণ মানুষের ক্ষোভ কমবে না। বরং এ ক্ষোভ থেকে জনবিক্ষোভ তৈরি হতে পারে।
সূত্র: মূল প্রতিবেদন

গোপালগঞ্জের সবাইকে শাস্তি দেওয়া অমানবিক ও বিপজ্জনক: আসিফ নজরুল