শনিবার, ১৩ জুন ২০২৬
Logo
×
বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগ এ দাবি উত্থাপন করেন

আদ্-দ্বীনে রোগীদের স্বাস্থ্যসেবা নিশ্চিতের দাবি

প্রথম সমাচার ডেস্ক ১২ জুন ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন

রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতালটির লাইসেন্স বাতিলের সরকারি সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগ।

শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির মহিলা বিভাগের সেক্রেটারি বলেন, নবজাতকদের মৃত্যু অত্যন্ত মর্মান্তিক এবং এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের গুরুতর অব্যবস্থাপনার বিষয়টি তদন্ত হওয়া প্রয়োজন। তবে হাসপাতালটিতে চিকিৎসাধীন রোগীদের স্বার্থ ও চলমান স্বাস্থ্যসেবার বিষয়টিও বিবেচনায় নেওয়া উচিত ছিল।

তিনি বলেন, সাপ্তাহিক ছুটির আগের দিন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নেওয়ায় সেখানে চিকিৎসাধীন রোগীদের সেবা কার্যক্রম অনিশ্চয়তার মুখে পড়েছে। হাসপাতালটির কার্যক্রম বন্ধের ক্ষেত্রে একটি নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হলে রোগীদের বিকল্প ব্যবস্থা গ্রহণের সুযোগ থাকত।

বিবৃতিতে আরও বলা হয়, আদ্-দ্বীন হাসপাতাল দীর্ঘ প্রায় তিন দশক ধরে দেশের নিম্ন ও মধ্যম আয়ের মানুষের জন্য স্বল্প খরচে চিকিৎসাসেবা দিয়ে আসছে। তাই নারী, শিশু ও অন্যান্য রোগীদের মানবিক বিষয় বিবেচনায় নিয়ে সরকারের গৃহীত সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়।

উল্লেখ্য, ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষকে দেওয়া কারণ দর্শানোর নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় বৃহস্পতিবার আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নেয় সরকার।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...