শনিবার, ১৩ জুন ২০২৬
Logo
×

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল হয়নি, দাবি আইনজীবী শিশির মনিরের

প্রথম সমাচার ডেস্ক ১২ জুন ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করা হয়নি বলে দাবি করেছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির। তার ভাষ্য অনুযায়ী, কর্তৃপক্ষ হাসপাতালের নয়, বরং সংশ্লিষ্ট প্যাথলজি সেন্টারের লাইসেন্স বাতিল করেছে।

শুক্রবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা তুলে ধরেন। সেখানে তিনি বলেন, হাসপাতাল পরিচালনার জন্য ইস্যুকৃত লাইসেন্স এবং প্যাথলজি সেন্টারের লাইসেন্স দুটি পৃথক নথি এবং তাদের লাইসেন্স নম্বরও আলাদা।

শিশির মনিরের দাবি, হাসপাতাল পরিচালনার লাইসেন্সের নম্বর HSM 4310058, যেখানে স্পষ্টভাবে হাসপাতাল বা ক্লিনিক পরিচালনার অনুমোদনের কথা উল্লেখ রয়েছে। অন্যদিকে HSM 4310059 নম্বর লাইসেন্সটি প্যাথলজি সেন্টার পরিচালনার জন্য প্রদান করা হয়েছিল।

তিনি আরও বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গত ৪ জুন যে কারণ দর্শানোর নোটিশ জারি করে, সেখানে হাসপাতালের লাইসেন্স নয়, প্যাথলজি সেন্টারের লাইসেন্স নম্বর উল্লেখ করা হয়। নোটিশে ৭২ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছিল। পরবর্তীতে সময় বৃদ্ধির আবেদন করে নির্ধারিত সময়ের মধ্যেই জবাব জমা দেওয়া হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন খবরে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল হয়েছে বলে প্রচার করা হলেও বাস্তবে বিষয়টি ভিন্ন বলে মন্তব্য করেন তিনি। এ ধরনের তথ্য প্রচারকে তিনি হয় অনিচ্ছাকৃত ভুল, নয়তো উদ্দেশ্যপ্রণোদিত উপস্থাপন হিসেবে আখ্যায়িত করেন।

এদিকে বিষয়টি নিয়ে স্বাস্থ্য খাত ও সংশ্লিষ্ট মহলে আলোচনা অব্যাহত রয়েছে। তবে হাসপাতাল ও প্যাথলজি সেন্টারের লাইসেন্স সংক্রান্ত আনুষ্ঠানিক অবস্থান নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে বিস্তারিত ব্যাখ্যার অপেক্ষা করছেন অনেকে।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...