রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালে সেবা কার্যক্রম বন্ধ থাকায় পূর্বনির্ধারিত সময়ে ডায়ালাইসিস নিতে না পেরে এক রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। শনিবার (১৩ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।
মৃত কামাল মিয়া (৫০) রাজধানীর খিলগাঁও থানার আদর্শবাগ আবাসিক এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে কিডনি রোগে আক্রান্ত ছিলেন এবং নিয়মিত আদ্-দ্বীন হাসপাতালে ডায়ালাইসিস সেবা গ্রহণ করতেন।
পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, শনিবার তার ডায়ালাইসিসের নির্ধারিত সময় ছিল। তবে হাসপাতালটির সেবা কার্যক্রম বন্ধ থাকায় কর্তৃপক্ষ তাকে সেবা দিতে পারেনি। এ সময় রোগীর স্বজনদের সরকার নির্ধারিত ছয়টি হাসপাতালে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়। কিন্তু অন্য হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু ঘটে।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে কামাল মিয়ার স্ত্রী গণমাধ্যমকে বলেন, “আমার স্বামী সময়মতো ডায়ালাইসিস পেলে মারা যেত না। প্রায় দেড় বছর ধরে তিনি নিয়মিত ডায়ালাইসিস নিচ্ছিলেন।”
তিনি আরও বলেন, “ছয়টি শিশুর মৃত্যুর ঘটনায় হাসপাতালের সেবা বন্ধ হয়ে গেছে। কিন্তু এর প্রভাব পড়ে আমার স্বামীর মতো রোগীদের ওপর। এখন আমার সন্তানরা বাবাকে হারিয়ে এতিম হয়ে গেল।”
এ মৃত্যুর ঘটনাটি সামাজিক মাধ্যমেও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। অনেকেই বলতেছে হাসপাতালের রুগীদের চিকিৎসার সবকিছু চূড়ান্ত না করে এভাবে হঠাৎ করে হাসপাতালের সেবা বন্ধের জন্য এ মৃত্যুর দায় রাষ্ট্রকেই নিতে হবে বলে।
এদিকে হাসপাতালের সেবা বন্ধ থাকার কারণে জরুরি চিকিৎসাসেবার ওপর প্রভাব পড়েছে বলে অভিযোগ করেছেন রোগী ও স্বজনরা। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পদক্ষেপ কামনা করেছেন তারা।
