শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Logo
×

আমস্টারডামে ইসরায়েলবিরোধী ‘রেড লাইন’ বিক্ষোভে লাখো মানুষের ঢল

Icon প্রথম সমাচার ডেস্ক

গাজায় ইসরায়েলের চলমান যুদ্ধের প্রতিবাদে এবং ইসরায়েলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিতে নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামের রাস্তায় নেমেছেন দুই লাখেরও বেশি মানুষ। আয়োজকদের অন্যতম সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ডাচ শাখা এ তথ্য জানিয়েছে।

রবিবার ‘রেড লাইন’ নামের এই বিক্ষোভে অংশ নেওয়া অধিকাংশ মানুষের পরনে লাল রঙের পোশাক ছিল। বিক্ষোভকারীরা ইসরায়েলের ওপর বাণিজ্য বিধিনিষেধ কঠোর করা এবং সব ধরনের অস্ত্র বিক্রি বন্ধ করার দাবি জানান।

বিক্ষোভে অংশ নেওয়া মাইক ভ্যান ডঙ্গেন বলেন, ওখানে যা ঘটছে তা অমানবিক। আমার মতে, ডাচ কর্তৃপক্ষ কিছুই করছে না। তারা কোনো কঠোর পদক্ষেপ নেওয়ার সাহস পাচ্ছে না।

এদিন আমস্টারডামের একটি ব্যস্ত রাস্তা যান চলাচলের জন্য বন্ধ করে দেওয়া হয়। ওই রাস্তা দিয়ে মিছিল নিয়ে যাওয়ার সময় বাস স্টপেজে দাঁড়িয়ে একজন লাউডস্পিকারে ‘ফ্রি, ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দিতে থাকেন। মিছিলকারীরাও তার সঙ্গে সুর মেলান।

এর আগে গত বছরের অক্টোবরের শুরুতে এবং জুনে দ্য হেগ শহরেও একই ধরনের ‘রেড লাইন’ বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছিল। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের হামলায় অন্তত ৭৪ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে ২১ হাজার শিশু রয়েছে। গত বছরের ১০ অক্টোবর গাজায় একটি ‘যুদ্ধবিরতি কার্যকর হলেও, ইসরায়েলি হামলা ও প্রাণহানির ঘটনা প্রায় প্রতিদিনই অব্যাহত রয়েছে।

গাজা যুদ্ধকে কেন্দ্র করে নেদারল্যান্ডস ও ইসরায়েলের মধ্যে সম্পর্কের অবনতি ঘটেছে। ইসরায়েলের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করতে ব্যর্থ হয়ে গত বছর ডাচ পররাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করেন। এরপর গত ফেব্রুয়ারিতে নতুন সংখ্যালঘু জোট সরকার ক্ষমতায় এসে ইসরায়েলি বসতিগুলো থেকে পণ্য আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। ডাচ সরকার ও আন্তর্জাতিক সম্প্রদায় এই বসতিগুলোকে অবৈধ বলে মনে করে। এই নিষেধাজ্ঞার কারণে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক টানাপোড়েন দেখা দেয়।

গত বছরের একটি বিক্ষোভে অংশ নিলেও, রোববার উপস্থিত ছিলেন না ডাচ প্রধানমন্ত্রী রব জেটেন। শুক্রবারের সাপ্তাহিক সংবাদ সম্মেলনে তিনি তার সরকারের পদক্ষেপের পক্ষে যুক্তি তুলে ধরে বলেন, ওখানকার ভয়াবহ পরিস্থিতি লাঘব করতে আমরা প্রতিদিনই আমাদের সাধ্যমতো চেষ্টা করছি। গাজা চুক্তি মেনে চলতে ইসরায়েলের ওপর ‘রাজনৈতিক ও কূটনৈতিক চাপ বাড়ানো হচ্ছে’ বলেও তিনি জানান।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com