সোমবার, ০২ নভেম্বর ২০২৬
Logo
×

আমাদের জাতির সবচেয়ে বড় সমস্যা হলো দুর্নীতির জঞ্জাল : জামায়াত এমপি কামাল হোসেন

Icon প্রথম সমাচার ডেস্ক

৫ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন বলেছেন, সংকীর্ণ দলীয়করণ বন্ধ করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সম্পূর্ণ মেধার ভিত্তিতে গড়ে তুলতে হবে। দলীয়করণের মাধ্যমে জাতিকে মেধাশূন্য করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘অযোগ্য ও অদক্ষদের দলীয় বিবেচনায় রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব দেওয়ার ফলে তারা দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে রাষ্ট্রকে গিলে খাচ্ছে।’ এই অবস্থা থেকে বেরিয়ে এসে মেধার ভিত্তিতে রাষ্ট্র গঠনের কার্যকর উদ্যোগ নেওয়ার জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান।

সোমবার দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২১তম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, আমাদের জাতির সবচেয়ে বড় সমস্যা হলো দুর্নীতির জঞ্জাল। দুর্নীতিমুক্ত নেতৃত্বের সংকটে জাতি বারবার প্রতারিত হয়েছে।

রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানের দুর্নীতির চিত্র তুলে ধরে কামাল হোসেন বলেন, সরকারি প্রতিষ্ঠানসংক্রান্ত কমিটির একজন সদস্য হওয়ার সুবাদে তিনি দুর্নীতির ভয়াবহ চিত্র খুব কাছ থেকে দেখতে পাচ্ছেন। একটি প্রতিষ্ঠানের অডিটে ৫২৪টি অডিট আপত্তি বা অবজেকশন রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘এই আপত্তিগুলোর বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্টরা জানান, গত দুই বছরে মাত্র একটি আপত্তি নিষ্পত্তি বা সলভ করা সম্ভব হয়েছে! একটি অডিট আপত্তি নিষ্পত্তি করতে যদি দুই বছর সময় লাগে, তবে বাকি ৫২৩টি আপত্তি নিষ্পত্তি করতে ১ হাজার ৪৬ বছর সময় লাগবে! এই হলো আমাদের দেশের চিত্র।’

তিনি আরো বলেন, একেকটি অডিট আপত্তির অঙ্ক সাধারণ মানুষ তো দূরের কথা, অনেকে সংখ্যায়ও লিখতে পারবেন না। এভাবে হাজার হাজার কোটি টাকার অডিট আপত্তি ফাইলবন্দী হয়ে বছরের পর বছর পড়ে আছে। হিসাব মহানিয়ন্ত্রক কার্যালয় (সিএজি) দেশকে এখনো পাঁচ বছর পিছিয়ে রেখেছে উল্লেখ করে তিনি বলেন, প্রতিটি অডিট আপত্তি ২০২০ ও ২০২১ সালের। ক্যানেন্ডারের পাতায় ২০২৬ সাল শেষ হতে চললেও বাংলাদেশ এখনো পাঁচ বছর পেছনের অডিট নিয়ে কাজ করছে। তাহলে দেশ কীভাবে এগিয়ে যাবে—এমন প্রশ্ন রেখে তিনি বলেন, দেশ থেকে দুর্নীতি দূর না হলে সার্বিক অগ্রগতি অসম্ভব। পরিশেষে, একটি দুর্নীতিমুক্ত ও সমৃদ্ধ নতুন বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান এই সংসদ সদস্য।

আলোচনা সভা শেষে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। এ সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্‌দীন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মো. শেখ গিয়াস উদ্দিন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (জকসু)-এর ভিপি রিয়াজুল ইসলামসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com