প্রথম সমাচার ডেস্ক:
সরকারের নানা ‘বিতর্কিত’ সিদ্ধান্ত ও কার্যক্রমে বিরোধীদল হিসেবে জামায়াতকে স্পিড ব্রেকার, স্পিড কন্ট্রোল এবং মাইলেজ দেখে চলতে হয় বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর মিন্টো রোডে বিরোধী দলীয় নেতার বাসভবনে ‘বিয়ন্ড ক্যাম্পাস: লিডিং টুমরো’ শীর্ষক অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে তিনি এমন কথা বলেন।
সালাহউদ্দিন আম্মার তিনটি প্রশ্ন রাখেন জামায়াত আমিরের সামনে। তিনি প্রথম প্রশ্নে বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের দলকানা কিছু শিক্ষককে বিভিন্ন জায়গায় উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে এবং প্রত্যেকে হাই কোয়ালিটির দুর্নীতিবাজ। এখানে উপাচার্য নিয়োগ বা বিভিন্ন জায়গায় নিয়োগের ক্ষেত্রে যে রাজনৈতিক যে একটা জায়গা, তারা প্রায়োরিটি দিচ্ছে এটা নিয়ে বিরোধী দলের শক্ত কোনো অবস্থান এখন পর্যন্ত আমরা দেখিনি।
আম্মার দ্বিতীয় প্রশ্নে বলেন, উপজেলা চেয়ারম্যান, জেলা পরিষদ চেয়ারম্যান এবং মেয়র সিলেক্টেড। এ ব্যাপারে আমরা কোনো ধরনের ক্লিয়ার স্টেটমেন্ট এখনো পর্যন্ত পাই নাই। সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে রাষ্ট্রীয় ক্রমে একজন এমপি ১৩তম এবং জেলা পরিষদ চেয়ারম্যান, সে হচ্ছে ২৪তম। তারা তো ইলেক্টেড না, তারা সিলেক্টেড। সেখানে তারা এমপিদের অগোচরে বিভিন্ন কাজ করার সাহস দেখাচ্ছে কীভাবে?
তৃতীয় প্রশ্নে বলেন, আর কতগুলো উপনির্বাচন জামায়াত মেনে নিয়ে মিষ্টি খেতে যাবে? রাত ১২টার পরে নির্বাচনের রেজাল্ট চেঞ্জ হয়ে গেল, প্রধানমন্ত্রী চেঞ্জ হয়ে গেল, ফুল সেটআপ চেঞ্জ হয়ে গেল, আপামর বাংলাদেশের মানুষের প্রশ্ন এটা কেন জামায়াত মেনে নিল? আর যদি মেনে না নিয়েই থাকে, জামায়াতের পক্ষ থেকে ক্লিয়ার স্টেটমেন্ট পাই নাই। তারা জিতছে না হারছে, নাকি হার মেনে নিয়েছে।
প্রশ্নের জবাবে ডা. শফিকুর রহমান বলেন, দুই জায়গায় আমাদের জায়গা থেকে আমরা আমাদের কথাগুলো, কনসার্নগুলো রেইজ করেছি। সংসদের ভেতরে অত্যন্ত স্পষ্ট কথা বলেছি, বাইরেও এটাকে আমাদের সাত দফা দাবির অন্তর্ভুক্ত করেছি। সেটা আমাদের জন্য না, এটা জাতির জন্য। আমরা এটাকে নিন্দা জানিয়েছি, ঘৃণা করেছি।
জামায়াত আমির বলেন, সাধারণত বয়স কম হলে মোটরসাইকেলের স্পিড একটু বেশি হয়। আর মোটরসাইকেলের স্পিড যেখানে বেশি হয়, অ্যাক্সিডেন্টও এখানে একটু বেশি হয়। আমাদের একটু বয়স হয়েছে তো, এখন একটু স্পিড ব্রেকার, স্পিড কন্ট্রোল এবং মাইলেজ দেখে চলতে হয়। আমরা চাই না যে আমাদের জাতি কোনো অ্যাক্সিডেন্টের মধ্যে পড়ুক। আমরা এটাও চাই যে ডিউ টাইমে আমার ডেস্টিনেশনে পৌঁছাতে চাই।
তিনি আরও বলেন, এই দুইটাকে সমন্বয় করে আমরা আমাদের পলিসি নির্ধারণ করে চলছি। আমরা কনফিডেন্ট, এই সমস্ত জায়গা ইনশাআল্লাহ আমরা ভেঙে তছনছ করে দিতে পারব। বর্তমান সরকারই সরকার হওয়ার আগে ওয়াদা করেছে যে তারা সোসাইটিকে মেরিটোক্রেটিক করবে, পলিটোক্রেটিক করবে না। অথচ তারা করেছেন পলিটোক্রেটিক। তারা যাননি মেরিটোক্রেসির দিকে, আমরা বাধ্য করব তাদেরকে এখানে আসতে।
সূত্র: মূল প্রতিবেদন

বিএনপি ফ্যাসিবাদীদের লালন করায় ফিরে আসার পাঁয়তারা করছে: জামায়াত আমির