শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Logo
×

‘আমি মারা গেলে আমার কবরে বেলি ফুলের গাছ লাগাবেন’, বলার দুদিন পর ঢাবি শিক্ষার্থীর মৃত্যু

Icon প্রথম সমাচার ডেস্ক

‘আমি মারা গেলে আমার কবরের পাশে একটা বেলি ফুলের গাছ লাগাবেন মালি সাহেব। আমার দেহটা পচে সার হয়ে মিশে যাবে ওই গাছে। আর প্রতিটি ফুলের ঘ্রাণে আপনি আমাকে পাবেন।’

ফেসবুকে এমন আবেগঘন পোস্ট দেওয়ার মাত্র দুই দিন পরই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী হুসাইন কবির অপু। তার শেষ ইচ্ছার প্রতি সম্মান জানিয়ে দাফনের পর কবরের পাশে একটি বেলিফুলের গাছ লাগিয়েছেন স্বজনেরা।

গত বুধবার (১১ নভেম্বর) রাত সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে পাবনার সাঁথিয়া উপজেলার মাধপুর-শোলাবাড়িয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। কাজিরহাটগামী একটি যাত্রীবাহী বাসের চাপায় ঘটনাস্থলেই মারা যান অপু। পরদিন বৃহস্পতিবার সকালে জানাজা শেষে আতাইকুলার রঘুনাথপুর গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

নিহত হুসাইন কবির অপু আতাইকুলা থানার আড়িয়াডাঙ্গী উচ্চবিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল কাদেরের ছোট ছেলে। ২০১৮ সালে আতাইকুলা উচ্চবিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়ে রাজশাহী শিক্ষা বোর্ডের মেধাতালিকায় অষ্টম স্থান অর্জন করেন তিনি। পরে নটর ডেম কলেজ ও ড্যাফোডিল ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন। সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরে অধ্যয়নরত ছিলেন।

মাধপুর হাইওয়ে থানার ওসি শহিদুল ইসলাম জানান, এ ঘটনায় আতাইকুলা থানায় একটি মামলা করা হয়েছে।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com