শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Logo
×

রাকসুর পরবর্তী নির্বাচনের তফসিল চেয়ে ৪ দিনের আলটিমেটাম

Icon প্রথম সমাচার ডেস্ক

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের পরবর্তী তফসিল ঘোষণা এবং সিনেট কার্যকরের দাবিতে চার দিনের আলটিমেটাম দিয়েছে সাবেক জিএস সালাউদ্দিন আম্মারের নেতৃত্বাধীন রাবি সংস্কার আন্দোলন। আগামী ১৬ নভেম্বরের মধ্যে দাবি বাস্তবায়নে দৃশ্যমান পদক্ষেপ না নেওয়া হলে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে সংগঠনটি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির সহ-মুখপাত্র জান্নাতুল ফেরদৌস লিখিত বক্তব্যে এসব দাবি ও কর্মসূচির কথা জানান।

লিখিত বক্তব্যে বলা হয়, রাকসু নির্বাচন এবং বিশ্ববিদ্যালয়ের সিনেট কার্যকরের দাবিতে গত ৪ নভেম্বর রাবি সংস্কার আন্দোলনের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছিল। স্মারকলিপিতে ১০ নভেম্বরের মধ্যে রাকসু নির্বাচনের তপশিল ঘোষণা এবং সিনেট কার্যকরের জন্য সময় বেঁধে দেওয়া হয়েছিল। কিন্তু নির্ধারিত সময় অতিবাহিত হলেও প্রশাসন দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি। এ অবস্থায় রাবি সংস্কার আন্দোলনের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আগামী চার দিনের চূড়ান্ত আলটিমেটাম দেওয়া হচ্ছে।

এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাকসুর সাবেক জিএস সালাউদ্দিন আম্মার বলেন, ‘আমরা মনে করছি, রাকসু নির্বাচন আয়োজনে এখন আর কোনো বাধা নেই। এখন শুধু বিশ্ববিদ্যালয় প্রশাসন ও উপাচার্যকে সিন্ডিকেটের অনুমোদন নিয়ে একটি নির্বাচন কমিশন গঠন করতে হবে। এরপর নির্বাচন কমিশন স্বাধীনভাবে তাদের মতো করে কার্যক্রম পরিচালনা করবে। বিশ্ববিদ্যালয়ে বর্তমানে অত্যন্ত শান্ত ও স্থিতিশীল পরিবেশ বিরাজ করছে। তাই এই পরিবেশ বজায় থাকতেই আমরা চাই, ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন আয়োজন করা হোক। কোনো ধরনের যদি-কিন্তু ছাড়াই অবশ্যই রাকসু নির্বাচন দিতে হবে।’

এ সময় সংবাদ সম্মেলনে রাবি সংস্কার আন্দোলনের সদস্য সচিব আরিফ আলবি, যুগ্ম সদস্য সচিব আবিদা সুলতানাসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com