বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
Logo
×

আরেক দফা বাড়ল জেট ফুয়েলের দাম

প্রথম সমাচার ডেস্ক ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন

টানা দুই মাস ধরে বাড়ছে উড়োজাহাজের জ্বালানি জেট ফুয়েলের দাম। আগস্টে লিটারে ২৮ টাকা ৫৩ পয়সা বাড়ানোর পর সেপ্টেম্বরে অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম আরও ৬ টাকা ১৩ পয়সা বাড়ানো হয়েছে। ফলে এ মাসে প্রতি লিটারের দাম দাঁড়িয়েছে ১৬৫ টাকা ৬৫ পয়সা, যা আগস্টে ছিল ১৫৯ টাকা ৫২ পয়সা।

আন্তর্জাতিক ফ্লাইটের জন্যও জেট ফুয়েলের দাম বাড়ানো হয়েছে। প্রতি লিটার ১ দশমিক শূন্য ৩৫৮ ডলার থেকে বাড়িয়ে এ মাসে ১ দশমিক শূন্য ৭৭০ ডলার করা হয়েছে।

গত মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে জেট ফুয়েলের নতুন দর ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি।

কমিশনের আদেশে বলা হয়, গত ৫ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বরের মধ্যে জেট এ-১-এর প্লাটস রেটের গড়, একই সময়ে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) এলসি সেটেলমেন্টে ডলারের বিনিময় হার বিবেচনায় শুনানি শেষে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

সবশেষ জুলাই মাসে অভ্যন্তরীণ রুটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১৯ টাকা ২২ পয়সা কমিয়ে ১৩০ টাকা ৯৯ পয়সা নির্ধারণ করা হয়েছিল। এর আগে জুন মাসে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১৬৫ টাকা ৮৮ পয়সা থেকে কমিয়ে ১৫০ টাকা ২১ পয়সা করা হয়।

এর আগে ২৩ মে মধ্যবর্তী সমন্বয়ের মাধ্যমে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ২০৫ টাকা ৪৫ পয়সা থেকে কমিয়ে ১৬৫ টাকা ৮৮ পয়সা নির্ধারণ করা হয়েছিল। তারও আগে ৭ মে প্রতি লিটারের দাম ২২৭ টাকা ৮ পয়সা থেকে কমিয়ে ২০৫ টাকা ৪৫ পয়সা করা হয়।

প্রথম সমাচার.

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...