প্রথম সমাচার ডেস্ক:
বান্দরবানের আলীকদমে জুমে কাজ করার সময় বন্য শূকরের আক্রমণে তিনজন আহত হয়েছেন। তাদের মধ্যে দুজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে। অপর একজন স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন।
শনিবার (২১ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ৪ নম্বর কুরুকপাতা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চুংরুই পাড়ায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন নিয়াচং ম্রো (৫৮), লুরিং ম্রো (২৮) ও মেনরু ম্রো। তাদের মধ্যে নিয়াচং ম্রোর বুকে গুরুতর আঘাত লেগেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে ওই তিনজন জুমে কাজ করছিলেন। এ সময় হঠাৎ একটি বন্য শূকর তাদের ওপর আক্রমণ করে। এতে তারা আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। আহত ব্যক্তিদের মধ্যে দুজনকে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়। অপর আহত ব্যক্তিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়নি। তিনি কুরুকপাতা ইউনিয়নের পাশের ভোলাইপাড়া ক্যাম্পে চিকিৎসা নিচ্ছেন।
এলাকার জনপ্রতিনিধি চাকনাও ম্রো বলেন, জুমে কাজ করার সময় হঠাৎ বন্য শূকরটি তাদের ওপর আক্রমণ করে। এতে তিনজন আহত হন। দুর্গম পাহাড়ি এলাকায় এ ধরনের ঘটনায় দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা কঠিন হয়ে পড়ে। আহত ব্যক্তিদের চিকিৎসা নিশ্চিত করতে স্থানীয়ভাবে প্রয়োজনীয় সহযোগিতা করা হচ্ছে।
স্থানীয় বাসিন্দা জংরাই ম্রো বলেন, আহত ব্যক্তিরা তার চাচা। বন্য শূকরের আক্রমণে তারা আহত হয়েছেন এ খবর পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন তাদের চিকিৎসার ব্যবস্থা করেন। তাদের মধ্যে দুজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে।
আলীকদম সদর ইউনিয়ন বিএনপির সদ্য বিদায়ী সভাপতি আবুল কালাম বলেন, পাহাড়ি জনপদে মানুষের জীবন-জীবিকা অনেকটাই প্রকৃতির ওপর নির্ভরশীল। জুমচাষ করতে গিয়ে বন্য প্রাণীর আক্রমণে তিনজন আহত হওয়ার ঘটনা দুঃখজনক। আহত ব্যক্তিদের সুচিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি তাদের পরিবারের পাশে দাড়ানো প্রয়োজন। দুর্গম পাহাড়ি এলাকায় জরুরি চিকিৎসাসেবা পৌঁছে দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও কার্যকর উদ্যোগ নেওয়া উচিত।
আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মোস্তাফিজুর রহমান মিশকাত বলেন, আহত দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছিল। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে।
সূত্র: মূল প্রতিবেদন
