সেন্টু সাদির অভিযোগ করেন, তাঁরা জমির সীমানা নির্ধারণ করে বাউন্ডারি ওয়াল নির্মাণের উদ্যোগ নিলে বিবাদীপক্ষের লোকজন লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলার চেষ্টা করে। এ সময় তাঁরা প্রাণভয়ে বাড়ির ভেতরে চলে যান। পরে বাড়িতে এসেও প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে তাঁর অভিযোগ।
তিনি আরও বলেন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি জানানো হলেও কোনো সমাধান হয়নি। তাঁর দাবি, বিবাদীপক্ষ বারবার বিরোধ ও ঝগড়া সৃষ্টি করছে এবং তাঁদের জমিতে স্বাভাবিকভাবে কাজ করতে দিচ্ছে না।
সেন্টু সাদিরের অভিযোগ, গত ১৫ সেপ্টেম্বর দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত লিটন মিয়া মোবাইল ফোনে তাঁকে বিভিন্নভাবে হুমকি দিয়েছেন। এসব কথোপকথনের রেকর্ড তাঁর কাছে রয়েছে বলেও দাবি করেন তিনি।
এ ছাড়া লিটন মিয়ার রাজনৈতিক সম্পৃক্ততা, তাঁর ভাগিনা রিফাতের কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততা এবং চায়না বেগমের বিরুদ্ধে ‘হানিট্র্যাপের’ অভিযোগও করেন সেন্টু সাদির। তবে এসব অভিযোগের স্বাধীন কোনো প্রমাণ পাওয়া যায়নি।
অন্যদিকে সোহাগ মাহমুদের পরিবারের দাবি, জমি নিয়ে বিরোধ ও দীর্ঘদিনের ভয়ভীতির কারণে তাঁদের পরিবার মানসিক চাপে রয়েছে। পরিবারের সদস্যরা জানান, সোহাগ মাহমুদের বাবা প্রয়াত কায়েম সাদির একজন মুক্তিযুদ্ধের কমান্ডার ছিলেন। পরিবারের দাবি, দীর্ঘদিনের বিরোধ ও মানসিক চাপের মধ্যে তিনি দুইবার স্ট্রোক করেন। সম্প্রতি সোহাগ মাহমুদকে হুমকি দেওয়ার পর তাঁর মা হাসনা বেগম বিষয়টি সহ্য করতে না পেরে স্ট্রোক করে মারা যান বলেও পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
সেন্টু সাদির বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে জায়গা বুঝে নিতে চাই। কিন্তু তারা জায়গা ছাড়ছে না, গাছ কাটছে না, আবার আমাদেরও কাজ করতে দিচ্ছে না। আমরা প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্ত ও নিরাপত্তা চাই।’
মামলার আইনজীবী তারেকুল ইসলাম মৃধা রোমান বলেন, ‘জমির মালিকানা ও দখল নিয়ে বিরোধের পাশাপাশি হুমকি ও হয়রানির অভিযোগে দুটি মামলা করা হয়েছে। বিষয়গুলো বর্তমানে আইনগত প্রক্রিয়ার মধ্যে রয়েছে। তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা বের হয়ে আসবে।’
এ বিষয়ে অভিযুক্ত লিটন মিয়া, চায়না বেগম, রাশেদা বেগম ও রিফাত মিয়ার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাঁদের বিরুদ্ধে ওঠা জমি দখল, হুমকি, হামলার চেষ্টা, রাজনৈতিক সম্পৃক্ততা, ‘হানিট্র্যাপ’ ও কিশোর গ্যাং-সংক্রান্ত অভিযোগের বিষয়ে তাঁদের বক্তব্য পাওয়া গেলে তা যথাযথ গুরুত্বসহকারে প্রকাশ করা হবে।
আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জামাল হোসেন বলেন, ‘গত ২৩ সেপ্টেম্বর লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল আলম চৌধুরী বলেন, ‘অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তের জন্য একজন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

কৃষক কার্ডের আবেদনে ‘মৃত’ আব্দুল হক, জীবিত প্রমাণে নির্বাচন অফিসে ঘুরছেন দ্বারে দ্বারে