শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
Logo
×

কৃষক কার্ডের আবেদনে ‘মৃত’ আব্দুল হক, জীবিত প্রমাণে নির্বাচন অফিসে ঘুরছেন দ্বারে দ্বারে

Icon প্রথম সমাচার ডেস্ক

কৃষক কার্ডের আবেদন করতে গিয়ে সরকারি নথিতে নিজেকে ‘মৃত’ হিসেবে দেখতে পেয়েছেন ষাটোর্ধ্ব কৃষক আব্দুল হক হাওলাদার। বাস্তবে জীবিত থাকলেও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য যাচাই করতে গিয়ে বিষয়টি ধরা পড়ে। এই ভুলের সংশোধন পেতে উপজেলা নির্বাচন অফিসের দ্বারে দ্বারে ঘুরছেন তিনি।

ঘটনাটি ঝালকাটি রাজাপুর উপজেলার সদর ইউনিয়নের আঙ্গারিয়া গ্রামের। আব্দুল হক হাওলাদার ওই গ্রামের মৃত কাছেম আলী হাওলাদারের ছেলে। গতকাল বৃহস্পতিবার দুপুরে স্ত্রীকে সঙ্গে নিয়ে রাজাপুর উপজেলা নির্বাচন অফিসে নিজের জাতীয় পরিচয়পত্রের তথ্য সংশোধন করতে আসেন তিনি।

জানা গেছে, গত অক্টোবর মাসে রাজাপুর সদর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে কৃষক কার্ডের জন্য তথ্য সংগ্রহের কাজ শুরু করে উপজেলা কৃষি অফিস। এ সময় আঙ্গারিয়া গ্রামের বাড়ি বাড়ি গিয়ে কৃষকদের তথ্য সংগ্রহ করা হয়। আব্দুল হক হাওলাদারের জাতীয় পরিচয়পত্রের নম্বর দিয়ে আবেদন করতে গিয়ে দেখা যায়, সরকারি তথ্যভাণ্ডারে তাকে মৃত হিসেবে দেখানো হচ্ছে।

পরে উপজেলা নির্বাচন অফিসে গিয়ে খোঁজ নিলে সেখানকার তথ্যেও তাকে মৃত হিসেবে উল্লেখ করা হয়েছে। নিজেকে জীবিত প্রমাণ করতে নির্বাচন অফিসে এসে আব্দুল হক হাওলাদার বলেন, ‘আমি জ্যাতা (জীবিত) মানুষ, অথচ আমাকে মাইরা হালাইছে (মৃত বানিয়ে) দিছে। এটা কারা দিলো মিথ্যা তথ্য? এখন নিজেকে জ্যাতা প্রমাণ করতে নির্বাচন অফিসে আসছি। স্যারদের সঙ্গে কথা বলব, আমাকে কেন মৃত বানালো? আমি তো মরি নাই, জ্যাতা আছি। আমাকে আবার জ্যাতা বানিয়ে দেন।’

তার স্ত্রী সাহেরা খাতুন বলেন, ‘আমার স্বামী বাস্তবে জীবিত, কিন্তু এনআইডি কার্ডে তিনি মৃত। আমরা তো বুঝতে পারিনি যে এমন ভুল হয়েছে। এখন এই ভুল সংশোধন করতে অফিসে আসতে হচ্ছে।’

আব্দুল হক হাওলাদারের নাতি মো. হাসনাত বলেন, ‘নানা বেঁচে আছেন, কিন্তু আইডি কার্ডে দেওয়া মৃত। হয়ত যারা মাঠ জরিপ করে তারা এই ভুল তথ্য দিয়েছে। অথচ কেউ আমাদের কাছে আসে নাই, কিছু জিজ্ঞেসও করেনি। আমাদের কাছে কোনো কিছু না বলে এই মিথ্যা তথ্য দিয়েছে, যার জন্য এখন ভোগান্তিতে পড়তে হচ্ছে। আজ নির্বাচন অফিসে এসে নানার হাতের আঙুলের ফিঙ্গার দিয়েছি।’

রাজাপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. নাজমুল হোসেন বলেন, আব্দুল হক হাওলাদার নামে এক ব্যক্তি এনআইডি কার্ডে মৃত সমস্যা নিয়ে আসছেন। তার হাতের আঙুলের ফিঙ্গার দিয়ে আবেদন করা হয়েছে। এটা ঠিক করে দেওয়া হবে।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com