প্রথম সমাচার ডেস্ক:
জামালপুরে গত দশ দিনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের একের পর এক ঝটিকা মিছিল, সড়ক ও রেলপথে টায়ার জ্বালিয়ে অবরোধ, বোমাসদৃশ বস্তু উদ্ধার এবং ব্যাংক কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এসব নাশকতা ও বিক্ষোভের ভিডিও ছড়িয়ে পড়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ও পলাতক আসামিদের ধরতে জেলাজুড়ে সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে এবং চলতি মাসেই ৯০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র ও ছড়িয়ে পড়া ভিডিও বিশ্লেষণে দেখা যায়, গত ৮ নভেম্বর সকালে জামালপুর শহরের বকুলতলায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে ঝটিকা মিছিল বের করেন নিষিদ্ধ আওয়ামী লীগের পৌর শাখার নেতাকর্মীরা। ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’সহ বিভিন্ন স্লোগান দিয়ে মিছিলটি শহরের তমালতলা মোড়ে গিয়ে শেষ হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া প্রায় পাঁচ মিনিটের ভিডিওতে মিছিলকারীদের হাতে ব্যানার এবং অধিকাংশের মুখে মুখোশ দেখা যায়। ব্যানারে শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, পৌর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিম ও সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন ছানুর ছবি ছিল।
এর দুদিন পর ১০ নভেম্বর ভোরে জামালপুর-ঢাকা রেললাইনের বন্দের বাড়ি এলাকার একটি রেলক্রসিংয়ের গেট নামিয়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। একই দিন জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের দিকপাইত এলাকাতেও টায়ার জ্বালিয়ে স্লোগান দেন তারা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া আরেকটি ভিডিওতে সরকারি আশেক মাহমুদ কলেজ ছাত্রলীগের ব্যানার নিয়ে কয়েকজনকে টায়ার জ্বালাতে দেখা যায়। তবে ভিডিওটির স্থান নিশ্চিত হওয়া যায়নি।
১২ নভেম্বর রাত ১২টার দিকে জামালপুর সদর উপজেলার মেষ্টা চৌরাস্তায় গ্রামীণ ব্যাংকের মেষ্টা শাখার সাইনবোর্ড ও মূল ফটকে আগুন দেওয়ার ঘটনা ঘটে। ফেসবুকে ছড়িয়ে পড়া প্রায় ২০ সেকেন্ডের ভিডিওতে মুখ ঢাকা এক ব্যক্তিকে মশাল জ্বালিয়ে ব্যাংক কার্যালয়ের সামনে আগুন দিয়ে দৌড়ে পালাতে দেখা যায়। পরে স্থানীয় বাসিন্দারা আগুন নেভান। ঘটনাস্থলে পেট্রোলভর্তি একটি বোতল পাওয়ার কথাও জানান তারা। ভিডিওটি নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন।
গত ১৪ নভেম্বর সন্ধ্যায় জামালপুর শহরের রেলওয়ে ওভারপাসে লাল টেপে মোড়ানো তারযুক্ত একটি বোমাসদৃশ বস্তু পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তুটির চারপাশ ঘিরে রাখে। নিরাপত্তার কারণে ওভারপাসে যান চলাচল বন্ধ রাখা হয়। এক পথচারী বস্তুটি দেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে যায়।
সবশেষ ১৯ নভেম্বর শহরের ঝিনাই ব্রিজের ওপর আগুন দেওয়ার ঘটনা ঘটে। পরদিন ফেসবুকে ছড়িয়ে পড়া প্রায় দুই মিনিটের আরেকটি ভিডিওতে জামালপুর শহরে ঝটিকা মিছিল করতে দেখা যায় নিষিদ্ধ আওয়ামী লীগ ও পৌর ছাত্রলীগের নেতাকর্মীদের।
ভিডিওতে দেখা যায়, ব্যানার নিয়ে কয়েকজন নেতাকর্মী শহরের ভোকেশনাল মোড় থেকে মিছিল শুরু করেন। পরে রাজীব কাউন্টারের পাশে জেলা আওয়ামী লীগের সভাপতি বাকী বিল্লাহর বাসার সামনে গিয়ে মিছিলটি শেষ হয়। মিছিলকারীদের হাতে পাইপ ও বাঁশের লাঠি দেখা যায়। মিছিলটি রাজীব কাউন্টারের কাছে পৌঁছালে কয়েকবার বিকট শব্দ শোনা যায়। তবে শব্দের উৎস কী, তা ভিডিও থেকে নিশ্চিত হওয়া যায়নি।
এসব কর্মসূচির ভিডিওতে অধিকাংশ ক্ষেত্রেই জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাহেদ হোসেনকে নেতৃত্ব দিতে দেখা গেছে, যাকে এর দুদিন আগে গোপালগঞ্জের একটি বিক্ষোভ মিছিলেও দেখা গিয়েছিল।
জামালপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ইয়াহিয়া আল মামুন বলেন, এজাহারনামীয় এবং তদন্তে যাদের সন্দেহভাজন হিসেবে নাম এসেছে, তাদের গ্রেপ্তার করতে জামালপুর জেলা পুলিশ তৎপর রয়েছে।
তিনি আরও বলেন, পুলিশ প্রতিনিয়ত অভিযান পরিচালনা করছে। অনেককেই গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। অনেকেই পলাতক আছেন। পলাতকদের গ্রেপ্তার করতে পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে। চলতি নভেম্বর মাসেই প্রায় ৯০ জনের অধিক গ্রেপ্তার করা হয়েছে।
সূত্র: মূল প্রতিবেদন
