শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
Logo
×

আ. লীগ সুযোগ পেলে সবার আগে তারেক রহমানকে ধরবে: খোমেনী ইহসান

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে অভিযোগ করে জাতীয় বিপ্লবী পরিষদের আহ্বায়ক খোমেনী ইহসান বলেছেন, দলটি আবার রাজনীতিতে ফেরার সুযোগ পেলে সবার আগে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধরবে। শুক্রবার (২৭ নভেম্বর) জুমার নামাজের পর রাজধানীর শাহবাগ মোড়ে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করার দাবিতে জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের করে জাতীয় বিপ্লবী পরিষদ। মিছিলটি রাজু ভাস্কর্য ঘুরে শাহবাগ মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করা হয়। সমাবেশ শেষে শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি এবং ভারতের পতাকা আগুনে পোড়ানো হয়।

সমাবেশে বিএনপির ভূমিকার সমালোচনা করে খোমেনী ইহসান বলেন, জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার স্বার্থে শেখ হাসিনাকে দিল্লি থেকে এনে আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন। কিন্তু এর ১৩ দিনের মাথায় জিয়াউর রহমানকে হত্যা করা হয়। বিএনপি সেই ইতিহাস ভুলে গেছে। ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ক্ষমতায় আসার পর দলটি আবার আওয়ামী লীগকে পুনর্বাসন ও স্বাভাবিক রাজনীতিতে ফেরানোর চেষ্টা শুরু করেছে। গোপালগঞ্জে বিএনপির তিন সংসদ সদস্যের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার কথা উল্লেখ করে তিনি বলেন, এবার সুযোগ পেলে আওয়ামী লীগ কাউকে ছাড় দেবে না, সবার আগে তারেক রহমানকে ধরবে।

২০০৭ সালের সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় তারেক রহমানের গ্রেপ্তার ও পিজি হাসপাতালে (বর্তমান বিএসএমএমইউ) চিকিৎসা নেওয়ার প্রসঙ্গ টেনে খোমেনী ইহসান বলেন, আওয়ামী লীগকে পুনর্বাসনের নাটকের অংশ হিসেবে গত ১০ মাস ধরে যুবদলের নয়নকে দিয়ে দলটির ছোটখাটো কর্মীদের গ্রেপ্তার করিয়ে গণমাধ্যমে প্রচার চালানো হচ্ছে। কিন্তু আওয়ামী লীগের সন্ত্রাসীরা যখন রাজপথে নামবে, তখন নয়নদের দিয়ে এমন কুসুম কুসুম বিরোধিতা করে তাদের দমন করা যাবে না।

আজকের অবস্থান কর্মসূচিকে প্রাথমিক মহড়া বা ‘ডেমো’ উল্লেখ করে খোমেনী ইহসান বলেন, আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ না হলে ভবিষ্যতে শাহবাগ মোড় অবরুদ্ধ রাখার কর্মসূচি দেওয়া হবে। আইনমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, ট্রাইব্যুনালের মামলার মাধ্যমে দলটিকে নিষিদ্ধ করার কথা বলে আওয়ামী লীগকে সংগঠিত হওয়ার সুযোগ দেওয়া হচ্ছে। এর পরিবর্তে নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং সংসদে আইন পাস করে সংবিধানে তা যুক্ত করতে হবে।

শেখ পরিবারের কারও নামে বা পরিচয়ে রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না বলেও মন্তব্য করেন খোমেনী ইহসান। তিনি বলেন, ইতালি ও জার্মানিতে ফ্যাসিবাদ ও নাৎসিবাদ দমনের মতো বাংলাদেশেও আওয়ামী ফ্যাসিবাদ দমন করতে হবে। দলটির সম্পত্তি বাজেয়াপ্ত করার পাশাপাশি দলের পক্ষে স্লোগান বা বক্তব্য দিলে সাত বছরের সশ্রম কারাদণ্ডের বিধান করার দাবিও জানান তিনি। এ ছাড়া আগামী ১৬ ডিসেম্বর থেকে ভারতীয় পণ্য বর্জন এবং ‘ভারত খেদাও’ আন্দোলন শুরুর ঘোষণা দেন তিনি।

সমাবেশে মোহাম্মদ শামসুদ্দীন বলেন, বাংলাদেশ রক্তের বিনিময়ে স্বাধীন রাষ্ট্র হয়েছে, এটি কারও দান নয়। সীমান্ত পরিস্থিতি ও গোপালগঞ্জের অশান্তির প্রসঙ্গ তুলে তিনি অভিযোগ করেন, বাংলাদেশকে অস্থিতিশীল করা ও দখলের চেষ্টা চলছে। এছাড়া ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পরিবহনমন্ত্রী ও বিজেপি নেতা অর্জুন সিংকে উদ্দেশ করে তিনি বলেন, বাংলাদেশের মানুষ খালি হাতে সৈন্য বন্দী করতে পারে। সীমান্ত ও সার্বভৌমত্ব নিয়ে কোনো ধরনের আস্ফালন মেনে নেওয়া হবে না।

সমাবেশে মঞ্জুর হুসাইন বিশাল বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে তারা রাজপথে নেমেছেন এবং রাজপথ থেকেই ফ্যাসিবাদকে চিরতরে নিষিদ্ধ করবেন। সরকারের উদ্দেশে তিনি বলেন, চারপাশে থাকা সন্দেহভাজন ব্যক্তিদের আগে চিহ্নিত করতে হবে। তাঁদের কাছ থেকে সুযোগ-সুবিধা নিয়ে ‘মোটা-তাজা গরু’ হওয়ার চেষ্টা করা যাবে না। ইলিয়াস আলী, চৌধুরী আলম ও সালাউদ্দিন ইসলাম ওমরের নিখোঁজ থাকার প্রসঙ্গ তুলে তিনি বলেন, এ বিষয়ে কোনো ছাড় বা সমঝোতা চলবে না। শহীদ ওসমান হাদির রক্তের শপথ নিয়ে দুঃশাসনের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবেন তারা।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com