রোববার, ২৯ নভেম্বর ২০২৬
Logo
×

ইতালিতে আজমেরী হক বাঁধনের ওপর হামলা, তদন্তে তিন বাংলাদেশি

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

ইতালির ভেনিসে বাংলাদেশি অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় তিন বাংলাদেশিকে তদন্তের আওতায় নিয়েছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একই সঙ্গে সন্দেহভাজনদের বাড়িতে তল্লাশি চালানোর নির্দেশ দিয়েছেন ভেনিসের পাবলিক প্রসিকিউটর কার্যালয়।

শনিবার (২৮ নভেম্বর) ইতালির সংবাদমাধ্যম ইল গাজ্জেত্তিনো এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, এ ঘটনায় চলমান তদন্তের বিষয়ে বাংলাদেশ দূতাবাসকেও অবহিত করা হয়েছে। ঘটনার পর থেকেই দূতাবাস বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে আসছে।

গত সেপ্টেম্বরে ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব চলাকালে বাঁধনের ওপর হামলার ঘটনাটি বাংলাদেশ ও ইতালি- দুই দেশেই ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়ার জন্ম দেয়। এমনকি বিষয়টি বাংলাদেশের জাতীয় সংসদেও উত্থাপিত হয়েছিল।

ঘটনাটি ঘটে গত সেপ্টেম্বরের এক সোমবার সন্ধ্যায়। সেদিন রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমাটি ভেনিস চলচ্চিত্র উৎসবের হরাইজনস বিভাগে প্রদর্শিত হয়। প্রদর্শনী শেষে লিডো থেকে মূল ভূখণ্ডে ফেরেন বাঁধন। পরে ভাই, ভাবি ও ছোট্ট ভাগনেকে নিয়ে রাতের খাবার খেতে বের হন তিনি।

এ সময় ভিয়া রিজার্দি সড়কে প্রায় ১০ জন বাংলাদেশি তাদের ঘিরে ধরেন বলে অভিযোগ ওঠে। একপর্যায়ে তারা বাঁধনকে উদ্দেশ করে হুমকি, গালিগালাজ ও নারীবিদ্বেষী মন্তব্য করেন। অভিযোগ অনুযায়ী, অভিনেত্রীকে লক্ষ্য করে ডিম ছোড়া হয় এবং তার শরীরে কোকাকোলা ও পানি ঢেলে দেওয়া হয়। এ ছাড়া তার মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে সেটি দিয়েও আঘাত করা হয়।

একপর্যায়ে হামলাকারীদের একজন বাঁধনের গালে চড় মারেন। এতে তার চশমা মাটিতে পড়ে যায়। এ সময় অভিনেত্রীর ভাই ও ভাবি তাকে রক্ষার চেষ্টা করেন। অন্যদিকে, হামলাকারীদের কয়েকজন নিজেদের মোবাইল ফোনে পুরো ঘটনার ভিডিও ধারণ করেন।

পরে ধারণ করা ভিডিওগুলোর একটি ফেসবুকে সরাসরি সম্প্রচার করা হয়। ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়ে বাংলাদেশে। হামলাকারীদের শনাক্ত করতে বাঁধনও নিজ উদ্যোগে তাদের ভিডিও ধারণ করেছিলেন।

ইল গাজ্জেত্তিনো-এর প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে। ইতোমধ্যে তিন বাংলাদেশিকে তদন্তের আওতায় আনা এবং তাদের বাড়িতে তল্লাশির নির্দেশ দেওয়া হয়েছে। তবে তদন্তাধীন ব্যক্তিদের পরিচয় কিংবা তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কী অভিযোগ রয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com