প্রথম সমাচার ডেস্ক:
দেশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক পাচার ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের দুর্গম ও ঝুঁকিপূর্ণ এলাকাসহ উপজেলার বিভিন্ন স্পর্শকাতর স্থানে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি কার্যক্রম বাড়িয়েছে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)।
শনিবার (২৮ নভেম্বর) ১১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ ফয়জুল কবির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নিয়মিত সীমান্ত টহলের পাশাপাশি দিন-রাত বিশেষ নজরদারি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এ লক্ষ্যে আকাশপথে পর্যবেক্ষণের জন্য ড্রোন এবং দুর্গম পাহাড়ি এলাকায় দ্রুত ও কার্যকর টহলের জন্য অল-টেরেইন ভেহিকেল (এটিভি) ব্যবহার করা হচ্ছে।
এছাড়া এন্টি-ড্রোন জ্যামার, বাইনোকুলার, নাইট ভিশন বাইনোকুলার ও গগলস, থার্মাল ইমেজার, মাইন ডিটেক্টর, আন্ডার ভেহিকেল সার্চ মিরর এবং বডি-ওর্ন ক্যামেরাসহ আধুনিক সরঞ্জাম ব্যবহার করে সীমান্তের সন্দেহজনক গতিবিধি শনাক্ত ও পর্যবেক্ষণ করা হচ্ছে।
এ বিষয়ে ১১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ ফয়জুল কবির বলেন, এসব আধুনিক প্রযুক্তির কার্যকর ব্যবহারের মাধ্যমে সীমান্তে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, সন্দেহজনক ব্যক্তিদের চলাচল পর্যবেক্ষণ, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও পরিস্থিতি পর্যবেক্ষণ অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ১১ বিজিবির এ ধরনের প্রযুক্তিনির্ভর নজরদারি ও নিরাপত্তামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
সূত্র: মূল প্রতিবেদন
