প্রথম সমাচার ডেস্ক:
ইন্দোনেশিয়ায় মিষ্টি ও কনফেকশনারি পণ্য তৈরির একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন প্রায় ৩০ জন। তাদের সন্ধানে ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধার অভিযান চালাচ্ছেন উদ্ধারকর্মীরা।
সোমবার (২৩ নভেম্বর) দেশটির কর্তৃপক্ষ হতাহতের এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে শনিবার সন্ধ্যায় রাজধানী জাকার্তার কাছের বানতেন প্রদেশের চিকান্দে এলাকায় পিটি ফনুসা আগুং মুলিয়া নামের কারখানাটির একটি ভবনে আগুন লাগে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনো তদন্তাধীন।
প্রেসিডেন্টের শ্রমবিষয়ক উপদেষ্টা সাইদ ইকবাল সাংবাদিকদের জানান, এ ঘটনায় ২৪ জনের মৃত্যু হয়েছে। কারখানার নিরাপত্তাব্যবস্থা যথাযথভাবে অনুসরণ করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে কারখানার প্রধান নির্বাহী কর্মকর্তাকেও তলব করা হবে।
কারখানাটির মালিক প্রতিষ্ঠান ইউনাইটেড ফ্যামিলি ফুড। প্রতিষ্ঠানটিতে সব মিলিয়ে প্রায় ৫ হাজার কর্মী কাজ করেন। দেশটির ভোগ্যপণ্যের বাজারে প্রতিষ্ঠানটি বড় সরবরাহকারী। তাদের জনপ্রিয় পণ্যের মধ্যে রয়েছে মিলকিটা মিষ্টান্ন এবং লেমনিলো ব্র্যান্ডের ইনস্ট্যান্ট নুডলস।
কারখানাটির প্রধান নির্বাহী স্টিভেন আরউইন উইজায়া জানিয়েছেন, শনিবারের পালায় কারখানা কমপ্লেক্সে প্রায় ৩০০ কর্মী উপস্থিত ছিলেন।
বানতেনের অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান আল আমরাদ জানান, সোমবারও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। তবে বিভিন্ন অংশে আগুন থাকায় এবং ভবনের দুর্বল অবকাঠামোর কারণে উদ্ধারকর্মীদের ঝুঁকি নিয়ে কাজ করতে হচ্ছে।
তিনি বলেন, এখন পর্যন্ত ২৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া উদ্ধারকর্মীরা ২৪টি মরদেহের ব্যাগ সরিয়েছেন। তবে ঘটনাস্থলে থাকা কর্তৃপক্ষ চূড়ান্তভাবে মৃতের সংখ্যা নিশ্চিত করতে পারেনি।
পুলিশ কর্মকর্তা ওয়াহিউ হিদায়াতি জানান, আগুনের তীব্রতায় নিহতদের মরদেহ এমনভাবে পুড়ে গেছে যে শুধু দেখে তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হচ্ছে না। স্বজনদের কাছ থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করে পরিচয় নিশ্চিত করার কাজ চলছে। এ প্রক্রিয়া শেষ হতে কয়েক সপ্তাহ লাগতে পারে।
সূত্র: মূল প্রতিবেদন
