ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্যে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি এবং শোক প্রকাশের দৃশ্য দেখে বিস্ময় প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, এর আগে তার ধারণা ছিল ইরানের সাধারণ মানুষ খামেনিকে পছন্দ করতেন না।
মার্কিন সংবাদমাধ্যম Axios-কে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, খামেনির জানাজায় সাধারণ মানুষের আবেগঘন অংশগ্রহণ তার পূর্বধারণার সঙ্গে মিলেনি। এ প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, “আমি ভেবেছিলাম মানুষ তাকে ঘৃণা করে।”
সাক্ষাৎকারে ট্রাম্প আরও দাবি করেন, যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা এমন যে চাইলে অল্প সময়ের মধ্যেই ওই সমাবেশকে লক্ষ্যবস্তু করা সম্ভব ছিল। তবে তিনি বলেন, এমন কোনো পদক্ষেপ নেওয়া হলে ভবিষ্যতে আলোচনার জন্য আর কোনো সুযোগ অবশিষ্ট থাকত না। তাই এমন পদক্ষেপ নেওয়ার প্রশ্নই ওঠেনি।
এদিকে ট্রাম্প জানান, খামেনির শেষকৃত্য সম্পন্ন না হওয়া পর্যন্ত ইরান ও যুক্তরাষ্ট্র পারস্পরিকভাবে আলোচনা স্থগিত রাখার বিষয়ে সম্মত হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, এই সময়ের মধ্যে কোনো পক্ষই একে অপরের বিরুদ্ধে গুলিবর্ষণ বা সামরিক হামলা চালাবে না।
ট্রাম্পের এসব মন্তব্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে। তবে ইরান বা যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।
