ইরান যুদ্ধ ঘিরে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন তুলসি গ্যাবার্ড। শুক্রবার তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন প্রশাসন।
আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান নীতিকে কেন্দ্র করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে গ্যাবার্ডের মতপার্থক্য তৈরি হয়েছিল। এমন পরিস্থিতিতেই তার পদত্যাগ নতুন করে রাজনৈতিক আলোচনার জন্ম দিয়েছে।
তবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তুলসি গ্যাবার্ড জানান, তার স্বামী আব্রাহাম উইলিয়ামস বিরল ধরনের হাড়ের ক্যানসারে আক্রান্ত হওয়ায় তিনি দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।
পদত্যাগপত্রে প্রেসিডেন্ট ট্রাম্পকে উদ্দেশ করে গ্যাবার্ড বলেন, গত দেড় বছর জাতীয় গোয়েন্দা দপ্তরের নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়ে তিনি কৃতজ্ঞ।
অন্যদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে গ্যাবার্ডের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে বলেন, “তুলসি অসাধারণ কাজ করেছেন। আমরা তাকে মিস করব।”
হাওয়াই থেকে নির্বাচিত সাবেক ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য তুলসি গ্যাবার্ড ২০১৩ থেকে ২০২১ সাল পর্যন্ত মার্কিন কংগ্রেসে দায়িত্ব পালন করেন। পরে তিনি ডেমোক্র্যাটিক পার্টি ছেড়ে ট্রাম্পকে সমর্থন দেন এবং জাতীয় গোয়েন্দা প্রধান হিসেবে দায়িত্ব নেন।
এদিকে মার্কিন রাজনৈতিক অঙ্গনে আলোচনা রয়েছে, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ঘিরে সামরিক পরিকল্পনার সময় গ্যাবার্ডকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত প্রক্রিয়া থেকে দূরে রাখা হয়েছিল। ইরান ইস্যুতেও শুরুতে নীরব থাকলেও পরে তিনি ইসরাইলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক অবস্থানকে সমর্থন করেন বলে জানা গেছে।
