শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
Logo
×

ইসি ও জাতীয় সংলাপে আলাদাভাবে বসবে না জামায়াত

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) সংলাপ এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আয়োজিত জাতীয় সংলাপে এককভাবে অংশ নেবে না বাংলাদেশ জামায়াতে ইসলামী। দুই সংলাপেই ১১ দলীয় ঐক্যের ব্যানারে একসঙ্গে অংশ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে রাজধানীর মগবাজারে ১১ দলীয় ঐক্যের বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ।

তিনি বলেন, জামায়াতের অবস্থান ইতোমধ্যে স্পষ্ট করা হয়েছে। ১১ দলীয় ঐক্যের অংশ হিসেবে সব দলকে একসঙ্গে সংলাপে বসার বিষয়টি নির্বাচন কমিশনের সিনিয়র সচিবকে জানানো হয়েছে। এ বিষয়ে আনুষ্ঠানিকভাবেও আবেদন করা হবে।

হামিদুর রহমান আজাদ জানান, বৈঠকে ১১ দলের পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে আলাদা সময় চেয়ে আবেদন করার সিদ্ধান্ত হয়েছে। ওই সময় যেন ১১টি দলকে একসঙ্গে সংলাপে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়, সে বিষয়ে বৈঠকে ঐকমত্য হয়েছে।

জাতীয় সংলাপের ক্ষেত্রেও একই অবস্থান নিয়েছে ১১ দলীয় ঐক্য জানিয়ে হামিদুর রহমান আজাদ বলেন, জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের ভিত্তিতে জাতীয় সংলাপে বসতে চায় জোটের দলগুলো। এ সংলাপেও ১১ দল একসঙ্গে অংশ নেবে বলে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com