বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রো-ভাইস-চ্যান্সেলর) ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার মেয়াদ শেষ হওয়ার প্রায় আড়াই বছর আগেই এ সিদ্ধান্ত নেওয়া হলো।
বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে তাকে অব্যাহতি দিয়ে নিজ কর্মস্থল ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে অধ্যাপক পদে যোগদানের অনুমতি দেওয়া হয়।
একই দিন পৃথক আরেক প্রজ্ঞাপনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলামকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন ২০২৪ সালের ৯ অক্টোবর চার বছরের জন্য উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য পদে নিয়োগ পান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী এমাজউদ্দিন আহমদ-এর কন্যা।
দীর্ঘ প্রায় ৩৯ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন ড. দিল রওশন। দায়িত্ব থেকে অব্যাহতির বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেন, তাকে সরিয়ে দেওয়ার কারণ সম্পর্কে তিনি অবগত নন। তবে বিশ্ববিদ্যালয়ে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকার কারণে কোনো মহল তার বিরুদ্ধে সক্রিয় হয়ে থাকতে পারে বলে তিনি ধারণা করছেন।
অন্যদিকে, তার আকস্মিক অব্যাহতির ঘটনায় সংশ্লিষ্ট মহলে বিস্ময় ও আলোচনা সৃষ্টি হয়েছে।
