প্রথম সমাচার ডেস্ক:
নেত্রকোনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা ও নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের সাবেক সংসদ সদস্য প্রার্থী ফাহিম রহমান খান পাঠানের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোর ৪টার দিকে বাড়ির বারান্দায় দুর্বৃত্তরা এ আগুন দিয়েছে বলে তিনি অভিযোগ করেন।
ফাহিম রহমান খান পাঠান এনসিপির কেন্দ্রীয় পেশাজীবীবিষয়ক সহ-সম্পাদক। তিনি নেত্রকোনা-২ আসনে শাপলা কলি প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন।
ফাহিম রহমান খান পাঠান জানান, বেশ কিছুদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে পোস্টের মন্তব্যে আওয়ামী লীগের সন্ত্রাসীরা তাকে হুমকি-ধমকি দিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাত আনুমানিক ৪টার দিকে তার বাড়ির বারান্দায় অগ্নিসংযোগ করা হয় বলে তিনি অভিযোগ করেন।
তিনি বলেন, আগুনের ধোঁয়া ঘরের ভেতরে গেলে পরিবারের সদস্যরা বিষয়টি টের পান। পরে তারা ঘুম থেকে উঠে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।
এ ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে ফাহিম রহমান খান পাঠান বলেন, আমি এ ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ জানাই। রাষ্ট্রের কাছে আমাদের নিরাপত্তা চাই।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে আগুন লাগানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
সূত্র: মূল প্রতিবেদন
