প্রথম সমাচার ডেস্ক:
দীর্ঘ এক দশকেরও বেশি সময় পর চলতি সপ্তাহে পূর্ব এশিয়ায় সবচেয়ে বড় সামরিক বিমান মোতায়েনের ইতিহাস গড়েছে রাশিয়া। এসব বিমান পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম এবং পরিস্থিতি বুঝে হামলাও চালাতে পারে। এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনের ফাঁকে ত্রিদেশীয় নেতাদের বৈঠকের আগে এই পদক্ষেপ মস্কোর জোরালো বার্তা হিসেবে দেখা হচ্ছে।
বুধবার (১৭ নভেম্বর) ভিয়েতনামের দানাং বিমানবন্দরের রানওয়েতে রাশিয়ার দুটি টিইউ-৯৫ বোমারু বিমানের উপস্থিতির কথা জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ন্যাটোর কাছে ‘বিয়ার’ নামে পরিচিত এই বোমারু বিমানগুলোর সঙ্গে দুটি দূরপাল্লার জ্বালানি সরবরাহকারী বিমানও রয়েছে।
আগের দিন রাশিয়ার সুদূর পূর্বাঞ্চল থেকে দক্ষিণ দিকে উড়ে যাওয়ার সময় দেশটির সামরিক বিমানগুলো তাইওয়ান ও জাপানের বিমানবাহিনীর মধ্যে সতর্কতা তৈরি করে।
এপেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে চীনে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাদের দক্ষিণ চীনের শেনঝেন শহরে পৌঁছানের ঠিক আগে ট্রাম্পসহ বিভিন্ন দেশের নেতারা আসিয়ান বৈঠকে ম্যানিলায় সমবেত হওয়ার সময় এসব বোমারু বিমান মোতায়েন করল মস্কো।
সিঙ্গাপুরের আইএসইএএস-ইউসুফ ইশাক ইনস্টিটিউটের নিরাপত্তাবিশেষজ্ঞ ইয়ান স্টোরি বলেন, ‘এই মোতায়েনের স্পষ্ট উদ্দেশ্য হলো আঞ্চলিক দেশগুলোকে মনে করিয়ে দেওয়া যে, ইউক্রেনে চলমান যুদ্ধ সত্ত্বেও মস্কো এখনও দক্ষিণ-পূর্ব এশিয়ায় নিজেদের শক্তি প্রদর্শন করতে পারে।’
তিনি বলেন, ভিয়েতনামে রাশিয়ার কৌশলগত বিমানশক্তির সর্বশেষ জানা মোতায়েন হয়েছিল ২০১৪ সালে। সে সময় হ্যানয় রাশিয়ার যুদ্ধজাহাজ ও বিমানকে মস্কোর শীতল যুদ্ধকালীন ক্যাম রান বে ঘাঁটি এবং দানাং বিমানঘাঁটিতে অগ্রাধিকারভিত্তিতে প্রবেশের সুযোগ দিয়েছিল। ভিয়েতনাম যুদ্ধের চরম পর্যায়ে এই দুটি ঘাঁটিই মার্কিন বাহিনী গড়ে তুলেছিল।
এই বিশ্লেষকের মতে, সে সময় প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ গুয়ামে অবস্থিত যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিমান ও নৌঘাঁটির কাছাকাছি টিইউ-৯৫ বোমারু বিমানগুলোকে সহায়তা করতে দানাংয়ে জ্বালানি সরবরাহকারী বিমান মোতায়েন করেছিল রাশিয়া। এরপর কী ঘটেছিল, সে বিষয়ে তিনি অবগত নন।
তবে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসন হ্যানয়ের কাছে অভিযোগ জানানোর পর ওই মোতায়েন বন্ধ হয়ে থাকতে পারে বলে মনে করেন ইয়ান স্টোরি। সামরিক অ্যাটাশেদের মতে, টিইউ-৯৫ বিমানগুলোর কয়েকটি পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম। এগুলো মাঝেমধ্যে গোয়েন্দা তথ্য সংগ্রহ ও নজরদারির কাজে মোতায়েন করা হয়।

দ্রুত সব এমপিকে নিজ এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
চট্টগ্রাম নগরীতে পুলিশের পিকআপ ভ্যান চুরি, ৩ ঘন্টা পর উদ্ধার
শার্শায় শীর্ষ সন্ত্রাসীর নামে মামলা করায় বাদীকে হত্যার হুমকি