শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Logo
×

কারাগারে কুরআন ও বাইবেল পড়ে সময় কাটাচ্ছেন মাদুরো

Icon প্রথম সমাচার ডেস্ক

মাদুরো আগে থেকেই আধ্যাত্মিক বিষয়ে আগ্রহী ছিলেন। প্রকাশ্যেও তিনি নিজের ইহুদি বংশপরিচয়ের কথা জানিয়েছেন। তার দাবি, গত শতাব্দীতে ডাচ অ্যান্টিলিজ থেকে ভেনেজুয়েলায় আসা একটি সেফার্দি ইহুদি সম্প্রদায়ের বংশধর তিনি। তবে তার ঘনিষ্ঠজনদের ভাষ্য, গ্রেফতারের আগে ইহুদি ধর্মের প্রতি তার তেমন আগ্রহ দেখা যায়নি।

প্রেসিডেন্ট থাকাকালে ভেনেজুয়েলায় ভয়াবহ খাদ্যসংকট দেখা দিয়েছিল। ক্ষমতা ধরে রাখতে গিয়ে আটক ব্যক্তিদের, এমনকি মার্কিন নাগরিকদের ওপর নির্যাতনের নির্দেশ দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

মাদুরো দেশটির দ্রুত সম্প্রসারিত ইভানজেলিক্যাল খ্রিষ্টান জনগোষ্ঠীর সমর্থন পাওয়ার চেষ্টা করেছিলেন। তিনি নিজে ক্যাথলিক ধর্মাবলম্বী। সমাজতান্ত্রিক আদর্শে বিশ্বাসী এক যাজকের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্কও ছিল। এ ছাড়া স্ত্রী সিলিয়া ফ্লোরেস ও উত্তরসূরি ডেলসি রদ্রিগেজের সঙ্গে তিনি প্রয়াত ভারতীয় আধ্যাত্মিক গুরু সত্য সাই বাবার অনুসারী ছিলেন।

ব্রুকলিনের ওই কারাগারে প্রায় ১ হাজার ৩০০ বন্দি রয়েছেন। সহিংসতা ও জনবলসংকটসহ নানা সমস্যায় দীর্ঘদিন ধরে সমালোচিত প্রতিষ্ঠানটি। মাদুরোকে কারাগারের এমন একটি অংশে রাখা হয়েছে, যেখানে এর আগে সংগীতশিল্পী শন কম্বস, ক্রিপ্টোকারেন্সি ব্যবসায়ী স্যাম ব্যাংকম্যান-ফ্রিড ও লুইজি ম্যানজিওনের মতো আলোচিত বন্দিরা ছিলেন।

আগামী বছর মাদুরোর বিচার শুরু হওয়ার কথা। যুক্তরাষ্ট্রে হাজার হাজার টন কোকেন পাচারে সহায়তার অভিযোগসহ একাধিক অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। একই মামলায় তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসের বিরুদ্ধেও অভিযোগ রয়েছে। দুজনই নিজেদের নির্দোষ দাবি করেছেন।

গত ৩ জানুয়ারি ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে সামরিক অভিযান চালিয়ে মাদুরো ও তার স্ত্রীকে আটক করে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে পরিচালিত ওই অভিযানে মাদুরোর নিরাপত্তারক্ষীদের নিষ্ক্রিয় করে তাদের গ্রেফতার করা হয়।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com