শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Logo
×

কুষ্টিয়ায় নিষিদ্ধ ঘোষিত স্বেচ্ছাসেবক লীগ নেতা মামুন গ্রেপ্তার

Icon প্রথম সমাচার ডেস্ক

কুষ্টিয়ার কুমারখালীতে রাকিবুল আলম মামুন নামে নিষিদ্ধ ঘোষিত সংগঠন স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি একই সঙ্গে শিক্ষক ও কনটেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করেন বলে জানা গেছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় কুমারখালীর গড়াই সেতু এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রাকিবুল আলম মামুন কুমারখালী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং যদুবয়রা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

পুলিশ জানায়, ২০২৪ সালের ৫ আগস্টের ঘটনাকে কেন্দ্র করে করা একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। ওই ঘটনায় মামুন সক্রিয় ভূমিকা পালন করেছিলেন বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, শিক্ষকতার পাশাপাশি মামুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিভিন্ন বিষয়ে কনটেন্ট তৈরি করতেন। স্থানীয় বিভিন্ন স্থান ও নিজ বাসায় নারী-পুরুষদের নিয়ে কনটেন্ট তৈরির জন্য জড়ো করতেন বলেও স্থানীয়দের অভিযোগ।

এ দিকে মামুনের বিরুদ্ধে অশ্লীল কনটেন্ট তৈরি এবং শিক্ষকতার নীতি-নৈতিকতাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ এনে মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা।

বিষয়টি নিশ্চিত করে কুমারখালী উপজেলা এনসিপির সদস্যসচিব আলামিন হোসেন আকাশ বলেন, মামুনের কর্মকাণ্ডের বিষয়ে প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেয়া হয়েছে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, ‘৫ আগস্টের ঘটনায় মামুন সক্রিয় ভূমিকা পালন করেছিলেন। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। অশ্লীল কনটেন্ট তৈরির অভিযোগের বিষয়েও তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরে বিস্তারিত জানানো যাবে।’

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com