তবে আমাদের আনন্দের সঙ্গে কৃষকের বাস্তবতার একটি বড় পার্থক্য রয়েছে। আমাদের কাজটি ছিল নির্দিষ্ট সময়ের ব্যবহারিক শিক্ষা। অন্যদিকে কৃষকের জীবিকা, পরিবারের প্রয়োজন ও ভবিষ্যতের স্বপ্ন অনেকাংশেই নির্ভর করে তাঁর উৎপাদনের ওপর। একটি ফসল উৎপাদনের পেছনে কতটা শ্রম, সময়, যত্ন ও ধৈর্য প্রয়োজন, তা এই অভিজ্ঞতা আমাদের বুঝিয়েছে। ফসলের উৎপাদন কম হলে কিংবা প্রত্যাশিত মূল্য না পেলে তার প্রভাব পড়ে কৃষকের আয় ও জীবনযাত্রায়। আবহাওয়ার অনিশ্চয়তা, রোগবালাই, উৎপাদন উপকরণের দাম, শ্রমিকের মজুরি এবং ফসলের ন্যায্যমূল্য পাওয়া নিয়ে দুশ্চিন্তা সবকিছু মিলিয়েই কৃষকের প্রতিদিনের বাস্তবতা। এসব বিষয় শুধু পাঠ্যবইয়ের তথ্য থেকে পুরোপুরি উপলব্ধি করা কঠিন। মাঠে সরাসরি কাজ করার অভিজ্ঞতা সেই উপলব্ধিকে আরও গভীর করে তোলে।
ব্যবহারিক কার্যক্রমের মূল উদ্দেশ্য হলো কৃষি উৎপাদনের পদ্ধতি শেখা এবং অর্জিত জ্ঞান বাস্তবে প্রয়োগ করতে পারা। কিন্তু এর পাশাপাশি আমরা যে শিক্ষা পাই, তার মূল্যও কম নয়। আমরা শিখি, কৃষককে শুধু উৎপাদনকারী হিসেবে দেখলে চলবে না, তার শ্রম, অভিজ্ঞতা ও অবদানকে যথাযথ সম্মান জানাতে হবে। কারণ, কৃষির প্রতিটি উৎপাদনের পেছনে থাকে মানুষের নিরলস প্রচেষ্টা, আর সেই প্রচেষ্টার কেন্দ্রেই রয়েছেন কৃষক।
ভবিষ্যতে কৃষিবিদ হিসেবে আমাদের দায়িত্ব শুধু নতুন প্রযুক্তি উদ্ভাবন কিংবা উৎপাদন বাড়ানোর পরামর্শ দেওয়ায় সীমাবদ্ধ থাকবে না। কৃষকের বাস্তব সমস্যা বুঝে তাঁর প্রয়োজন ও সামর্থ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সমাধান খুঁজে বের করাও আমাদের দায়িত্ব। আর সেই দায়িত্ব পালনের প্রথম শর্ত হলো কৃষকের জীবন, সংগ্রাম ও শ্রমকে কাছ থেকে বোঝা। ঘাস চাষের এই অভিজ্ঞতা আমাদের শিখিয়েছে কৃষিকে বুঝতে হলে মাটির কাছাকাছি যেতে হয়। তাঁর শ্রমের মূল্য অনুভব করতে হয়। কৃষকের ঘরে ফসল ওঠার আনন্দ হয়তো আমরা পুরোপুরি অনুভব করতে পারিনি, তবে সেই আনন্দের পেছনের শ্রমকে কিছুটা হলেও চিনতে শিখেছি।
মাঠের এই শিক্ষা হয়তো কোনো পরীক্ষার খাতায় নম্বর হিসেবে লেখা থাকবে না। কিন্তু কৃষকের প্রতি শ্রদ্ধা, তাঁর বাস্তবতা বোঝার চেষ্টা এবং তাঁর পাশে দাঁড়ানোর মানসিকতা তৈরিতে এর ভূমিকা থেকে যাবে। ভবিষ্যৎ কৃষিবিদ হয়ে ওঠার পথে এই মানবিক শিক্ষাই আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ অর্জন। যে শিক্ষা মনে করিয়ে দেয় কৃষির উন্নয়ন নিয়ে কাজ করতে হলে প্রথমেই বুঝতে হবে কৃষককে।

চকরিয়ায় চোরাই-ডাকাতির ১৩৪ মোবাইল ও আইএমইআই কাটার মেশিনসহ ২ জন গ্রেফতার
এমপি হানজালার কাছে আসা অভিযোগের ৮০ শতাংশই জমি সংক্রান্ত
বাউফলে রাতের হামলায় আহত ৪