ফেনীর ফুলগাজীতে বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুর ও তৎকালীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছবি পোড়ানোর ঘটনায় করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ফেনী জেলা সহ-সভাপতি ও ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি হাজী জামাল উদ্দিনকে (৬৬) গ্রেপ্তার করে সোমবার রাতে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ফুলগাজী থানার ওসি (তদন্ত) নুরুল ইসলাম আজ মঙ্গলবার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গত ২০ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ঘনিয়ামোড়া এলাকায় নিজ বাড়ি থেকে হাজী জামাল উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। পরে ২০১৮ সালে ফুলগাজীতে বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুর ও খালেদা জিয়ার ছবি পোড়ানোর ঘটনায় করা মামলায় তাকে সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়।
পুলিশ জানায়, ২০২৪ সালের ৭ নভেম্বর দরবারপুর এলাকার বিএনপি নেতা আব্দুল কাদের জিলানী বাদী হয়ে ফুলগাজী থানায় মামলাটি করেন। মামলায় ১৫৮ জনকে এজাহারনামীয় আসামি করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ১৫০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে।
তবে মামলার বাদী আব্দুল কাদের জিলানী দাবি করেন, গ্রেপ্তার হাজী জামাল উদ্দিনকে তিনি চেনেন না। তিনি বলেন, ‘এই মামলায় গ্রেপ্তার হাজী জামাল উদ্দিনকে আমি চিনি না। তার বাড়ি কোথায়, সেটিও জানি না। আমি তাকে দেখিনি।’

শেখ হাসিনাকে প্রত্যর্পণ করা হবে, প্রত্যাবর্তনের সুযোগ নেই: রিজভী