খাসজমি ও উন্মুক্ত জলাশয় দখলদারদের বিরুদ্ধে বিএনপি অবস্থান নিয়েছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেছেন, প্রভাবশালীদের স্বার্থ নয়, বিএনপি সাধারণ মানুষের পক্ষে থেকে পরিবেশ রক্ষায় কাজ করছে।
শুক্রবার (৯ অক্টোবর) যশোরের ক্রাইস্ট চার্চ ট্রেড স্কুলের কনফারেন্স রুমে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) যশোর জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনিন্দ্য ইসলাম অমিত বলেন, খাসজমি ও উন্মুক্ত জলাশয় যারা দখল করে, তারা সাধারণত প্রভাবশালী। কিন্তু বিএনপি প্রভাবশালীদের পক্ষে নয়। দলটি সাধারণ মানুষের স্বার্থ রক্ষা এবং পরিবেশ সংরক্ষণে কাজ করে যাচ্ছে।
প্রতিমন্ত্রী বলেন, বিএনপি সরকার ক্ষমতায় আসার পরই উন্মুক্ত জলাশয় প্রভাবশালীদের দখলমুক্ত করেছে। মানুষ যেন স্বাভাবিকভাবে নিঃশ্বাস নিতে পারে, সে জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করা জরুরি।
তিনি আরও বলেন, যশোরের নদী ও খালগুলোকে অবৈধ দখলমুক্ত করা এবং দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে কার্যকর ও টেকসই পদক্ষেপ নেয়া হবে।
যশোরের অন্যতম বড় সমস্যা ভবদহের জলাবদ্ধতা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, অতীত সরকারের উদ্যোগের ধারাবাহিকতা না থাকায় এ সংকট তীব্র হয়েছে। পানিসম্পদ, কৃষি ও আইনমন্ত্রীর সঙ্গে আলোচনা করে স্থানীয় অংশীজনদের মতামতের ভিত্তিতে দ্রুত ভবদহের জলাবদ্ধতা সমস্যার টেকসই সমাধান খোঁজা হবে।
বাপার যশোর জেলা শাখার সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক খন্দকার অজিজুল হক মনিরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন এবং বাপার কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ড. নূর মোহাম্মাদ তালুকদারসহ স্থানীয় পরিবেশকর্মীরা।

গোপালগঞ্জে পুলিশের সামনেই লাঠিসোঁটা হাতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল