বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
Logo
×

খুঁড়িয়ে চলছিল হাতিটি, চিকিৎসা দিতে গিয়ে মিলল আট গুলির ক্ষত

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

কক্সবাজারের টেকনাফে কয়েক দিন ধরে খুঁড়িয়ে চলা বন্য হাতিটির শরীরে আটটি গুলির ক্ষত পাওয়া গেছে।

বুধবার (১৮ নভেম্বর) বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা পাহাড়ের দুর্গম এলাকা থেকে হাতিটির অবস্থান শনাক্ত করে বন বিভাগ। পরে ট্রাংকুলাইজারের মাধ্যমে অচেতন করে চিকিৎসা দেওয়ার সময় হাতিটির শরীর থেকে গুলির ধাতব দানাও উদ্ধার করেন চিকিৎসকেরা।

বন বিভাগ ও ডুলাহাজারা সাফারি পার্কের বিশেষজ্ঞ চিকিৎসক দল যৌথভাবে হাতিটির চিকিৎসা করেন। হাতিটির বয়স আনুমানিক ৩৫ বছর। চিকিৎসকদের ধারণা, হাতিটি পুরোপুরি সুস্থ হতে সময় লাগবে। তবে চিকিৎসার ফলে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হতে পারে।

ডুলাহাজারা সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন মো. মোস্তাফিজুর রহমান বলেন, হাতিটির শরীরে আটটি গুলির ক্ষত পাওয়া গেছে। এ ছাড়া শরীর থেকে গুলির ধাতব দানাও উদ্ধার করা হয়েছে। হাতিটি পুরোপুরি সুস্থ হতে সময় লাগবে।

সহকারী বন সংরক্ষক তানভীর ইসলাম নাহিদ বলেন, অসুস্থ হাতিটির বিষয়ে জানার পর থেকেই চিকিৎসার উদ্যোগ নেওয়া হয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় বন বিভাগ ও বিশেষজ্ঞ চিকিৎসক দল কাজ শুরু করে। শেষ পর্যন্ত হাতিটির চিকিৎসা সম্পন্ন করা হয়েছে।

বন বিভাগ সূত্রে জানা গেছে, কয়েক দিন ধরে বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা ইকোপার্ক ও হাজী মোজাহের স্মৃতি স্টেডিয়ামসংলগ্ন এলাকায় হাতিটিকে ঘুরে বেড়াতে দেখা যায়। তার পেছনের ডান পায়ে ছিল গভীর ক্ষত। ক্ষতস্থান থেকে রক্ত ও পুঁজ বের হচ্ছিল। ব্যথার কারণে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছিল না হাতিটি।

এ সময় আহত হাতিটির পাশে আরেকটি সুস্থ হাতিকেও দেখা যায়। চলাফেরার সময় সঙ্গীকে একা ছেড়ে যাচ্ছিল না হাতিটি।

খবর পেয়ে গত ১৭ নভেম্বর সকাল ছয়টা থেকে আহত হাতিটির অবস্থান শনাক্তে অভিযান শুরু করে বন বিভাগ। এতে বনকর্মী, এলিফ্যান্ট রেসপন্স টিম (ইআরটি) ও কমিউনিটি পেট্রোলিং গ্রুপের সদস্যরা অংশ নেন। ড্রোন ক্যামেরার সহায়তায় টানা আট ঘণ্টা অভিযান চালিয়েও সেদিন হাতিটির অবস্থান শনাক্ত করা সম্ভব হয়নি। দুই দিনের অনুসন্ধানের একপর্যায়ে বুধবার জাহাজপুরা পাহাড়ের দুর্গম এলাকায় হাতিটির সন্ধান পাওয়া যায়। পরে ট্রাংকুলাইজারের মাধ্যমে অচেতন করে তার চিকিৎসা দেওয়া হয়।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com