কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জাসিম আল থানি গাজায় ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধের নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ডে যে ধ্বংসযজ্ঞের জন্যই দায়ী হোক না কেন, সে একজন ‘যুদ্ধাপরাধী’।
শেখ মোহাম্মদ মঙ্গলবার ‘পিয়ার্স মরগ্যান আনসেন্সরড’ অনুষ্ঠানে গাজা উপত্যকায় ইসরায়েলের কর্মকাণ্ডের ধরন সম্পর্কে জানতে চাইলে এ মন্তব্য করেন।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে ইসরায়েলে চালানো হামলাকে তিনি ‘গণহত্যা’ হিসেবে বর্ণনা করে বলেন, এর ‘নিন্দা করা উচিত’। তিনি ওই হামলার জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনার আহ্বান জানান। তবে তিনি বলেন, ইসরায়েলের পাল্টা প্রতিক্রিয়ার কোনো ন্যায্যতা নেই।
তিনি আরও বলেন, হাসপাতালগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে, স্কুলগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। যেকোনো ধরনের যুক্তি বা ব্যাখ্যা দেয়া হোক না কেন, এর কোনো কিছুই এটিকে ন্যায্যতা দেয় না।
শেখ মোহাম্মদ ২০২৫ সালের অক্টোবরে কার্যকর হওয়া ‘যুদ্ধবিরতি’ ইসরায়েল প্রায় প্রতিদিন লঙ্ঘন করছে বলেও সমালোচনা করেন। তিনি বলেন, এরপর থেকে গাজা উপত্যকায় এক হাজার ৪০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।
তিনি বলেন, আরও বেশি ভূখণ্ড দখল করা হয়েছে-উপত্যকার প্রায় ৭০ শতাংশ দখল করে রাখা হয়েছে এবং ইসরায়েলি বাহিনী সেখানে প্রবেশের অনুমতি দিচ্ছে না। তারা এই চুক্তির প্রতিশ্রুতিগুলো পূরণ করছে না। এটি শুধু দেখাচ্ছে যে তাদের ভিন্ন উদ্দেশ্য রয়েছে।
তিনি বলেন, যুদ্ধ শুরুর ‘প্রথম দিন থেকেই’ যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় কাতারের প্রচেষ্টা ইসরায়েল বারবার ‘ব্যর্থ করে দিয়েছে’।
২০২৫ সালে কাতারের রাজধানী দোহায় ইসরায়েলের হামলারও নিন্দা জানান তিনি। ওই হামলায় আলোচনার জন্য জড়ো হওয়া হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করা হয়েছিল। প্রাণঘাতী বিস্ফোরণ ঘটানো ওই হামলাকে কাতারের সার্বভৌমত্বের ওপর নজিরবিহীন লঙ্ঘন হিসেবে উল্লেখ করা হয়।

ভারতের রাষ্ট্রপতির দেহরক্ষী গুলিবিদ্ধ