রোববার, ২২ নভেম্বর ২০২৬
Logo
×

গাজীপুরে একটি বাড়ির সামনে ‘কালো জাদুর’ পুতুল, এলাকায় আতঙ্ক

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

গাজীপুরে একটি বাড়ির প্রধান ফটকের সামনে সাদা রঙে আঁকা বৃত্ত। বৃত্তের ভেতরে যোগ চিহ্ন সদৃশ আঁকিবুঁকি। তার মাঝে পড়ে আছে কাফন পরানো একটি পুতুল। পুতুলটির বুকে গাঁথা রয়েছে বেলকাঁটা। পাশে গোলাপজলের বোতল ও মোমবাতি। পুতুলটির শরীরে মাখানো লাল রং। একই ধরনের রং ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে আশপাশেও। সকালে ঘুম থেকে উঠে বাড়ির ফটকে এমন দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়েন বাড়ির মালিক ও তাঁর পরিবারের সদস্যসহ এলাকার মানুষ।

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের শিরিশগুড়ি গ্রামের মো. আলী হোসেনের (৫৫) বাড়ির সামনে রোববার (২২ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে। এ নিয়ে এলাকায় ছড়িয়ে পড়েছে নানা আলোচনা ও কৌতূহল। ঘটনাটি দেখতে সকাল থেকেই বাড়ির সামনে ভিড় করছেন আশপাশের গ্রামের লোকজন।আলী হোসেন ওই গ্রামের করম উদ্দিনের ছেলে। বাড়ির সামনে কালো জাদুর পুতুল দেখে তিনি বলেন, ‘আমি ও আমার স্ত্রী দুজন এই বাড়িতে থাকি। বাড়িটির চারপাশ বাউন্ডারি করা। সকালে ফজরের নামাজ পড়ে গেট খুলতেই দেখি, আটা বা ময়দা দিয়ে বড় আকারে গোল বৃত্ত আঁকা। বৃত্তের ভেতর ক্রস দিয়ে দুটি দাগ দেওয়া, সেই দাগের ওপর খড় দিয়ে তৈরি মূর্তি বা পুতুল বানানো। কাফনের কাপড় পরানো অবস্থায় ১৫ থেকে ২০টি বেলকাঁটা পুতুলের বুকে গাঁথা। সাদা কাপড়ে বুকের ওপর চারপাশে লাল রং ছড়িয়ে-ছিটিয়ে ফেলে রাখা। পুতুলের বাম পা ও বাম হাত বাঁধা, পাশেই গোলাপজলের একটি বোতল এবং এক প্যাকেট আগরবাতিও ছিল। পুতুলের পাশে আগরবাতি জ্বালানো হয়েছিল বলে ধারণা করছি। পাশেই আগরবাতির ছাই পড়ে রয়েছে বোঝা যায়। কারা বা কেন আমার বাড়ির সামনে এ কাজ করল, আমি বুঝতে পারছি না। কারও সঙ্গে আমার শত্রুতা নেই। গ্রামবাসী এসে দেখে যাচ্ছে। তাঁদের কেউ কেউ বলছেন, এটা একটা কুফরি, জাদুটোনা; কেউ বলছেন, শত্রুতামূলক ইঙ্গিত দেওয়া। মানে নানা ভয়ভীতি দেখাচ্ছেন।’

এদিকে বাড়ির গেটের সামনে ‘কালো জাদুর’ পুতুলের এই খবর ছড়িয়ে পড়ার পর থেকেই কৌতূহলী মানুষ সেখানে ভিড় করছেন। আশপাশের গ্রামের লোকজন এসে পুতুলটি দেখছেন, মুঠোফোনে ছবি তুলছেন। কেউ কেউ বাড়ির মালিকের কাছে ঘটনার বিস্তারিত জানতে চাইছেন। বিষয়টি নিয়ে এলাকায় আতঙ্কও ছড়িয়ে পড়েছে।

পুতুলটি দেখতে আসা লোকজনের মধ্যে কেউ কেউ একে কালো জাদু বা তন্ত্রমন্ত্রের সঙ্গে মিলিয়ে দেখছেন। আবার অনেকের ধারণা, বাড়ির মালিক ও তাঁর পরিবারের সদস্যদের ভয় দেখাতে দুর্বৃত্তরা এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারে।

এ বিষয়ে শ্রীপুরের বায়তুস সালাম জামে মসজিদের ইমাম ও ইসলামি বক্তা মাওলানা ইকরামুজ্জামান আবদুল বাতেন বলেন, ‘এ ধরনের দ্রব্য মূলত মানুষকে ক্ষতি করার জাদুটোনার কাজে ব্যবহার করা হয়। এ বিষয়ে ইসলামে কড়া সতর্কবার্তা দেওয়া হয়েছে। ইসলামে জাদু প্রমাণিত হলে তার শাস্তি মৃত্যুদণ্ড পর্যন্ত। কারণ, সে আল্লাহর সঙ্গে শিরক করে জিন-শয়তানের সাহায্য নেয়। এই পুতুলে কী ক্ষতি হবে? ক্ষতি করার মালিক একমাত্র আল্লাহ। জাদুকর শুধু চেষ্টা করে, আল্লাহ না চাইলে কিছুই হয় না।’

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com