শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
Logo
×

গোপালগঞ্জের অস্থিরতায় রুট পরিবর্তন করে বেনাপোলে গেল ট্রেন

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

গোপালগঞ্জের অস্থিতিশীল পরিস্থিতির কারণে নির্ধারিত রুট পরিবর্তন করে বিকল্প পথ চুয়াডাঙ্গা হয়ে বেনাপোলের উদ্দেশ্যে যাত্রা করেছে ৮২৮ ডাউন রূপসী বাংলা এক্সপ্রেস। এই প্রথমবারের মতো ট্রেনটি চুয়াডাঙ্গা জেলার রেলপথ ব্যবহার করে বেনাপোলের উদ্দেশ্যে যাত্রা সম্পন্ন করছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ট্রেনটি চুয়াডাঙ্গা স্টেশনে পৌঁছায়। পরে দর্শনা হল্ট স্টেশন হয়ে বেনাপোলের উদ্দেশ্যে যাত্রা করে। রূপসী বাংলা এক্সপ্রেসের এই আকস্মিক রুট পরিবর্তন চুয়াডাঙ্গা ও দর্শনা অঞ্চলের রেলযাত্রী এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, পদ্মা সেতু হয়ে ভাঙ্গা জংশন, কাশিয়ানী জংশন, নড়াইল ও যশোর হয়ে বেনাপোলে পৌঁছানোর কথা ছিল রূপসী বাংলা এক্সপ্রেসের। কিন্তু গোপালগঞ্জের কাশিয়ানী জংশন এলাকায় অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হওয়ায় ট্রেনটি দীর্ঘ সময় ভাঙ্গা জংশন স্টেশনে আটকে থাকে। পরে রেলওয়ের কন্ট্রোল রুমের সিদ্ধান্তে ট্রেনটির জন্য বিকল্প রুট নির্ধারণ করা হয়।

নতুন রুট অনুযায়ী, ফরিদপুর-রাজবাড়ী-পোড়াদহ-চুয়াডাঙ্গা-কোটচাঁদপুর-যশোর হয়ে বেনাপোলের উদ্দেশ্যে যাত্রা করে ট্রেনটি। বিকল্প পথে চলাচলের সময় কোনো স্টেশনে যাত্রাবিরতি না দিয়ে ননস্টপ চলাচলের নির্দেশনা দেওয়া হয়।

চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মিজানুর রহমান এশিয়া পোস্টকে জানান, গোপালগঞ্জ এলাকায় অস্থিতিশীল পরিস্থিতির কারণে ট্রেনটি নির্ধারিত রুটে না গিয়ে বিকল্প পথে বেনাপোলের উদ্দেশ্যে যাচ্ছে। আজ সন্ধ্যায় ট্রেনটি চুয়াডাঙ্গা স্টেশনে পৌঁছায়। পরে কোনো স্টেশনে যাত্রাবিরতি না দিয়ে দর্শনা হল্ট স্টেশন অতিক্রম করে বেনাপোলের উদ্দেশ্যে রওনা হয়।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com