রোববার, ২৯ নভেম্বর ২০২৬
Logo
×

গোপালগঞ্জ থেকে এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষাকেন্দ্র স্থানান্তর

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

গোপালগঞ্জের পাঁচটি কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে না এইচএসসি সম্পূরক (সাপ্লিমেন্টারি) পরীক্ষা। জেলার এসব কেন্দ্রের পরীক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হবে পার্শ্ববর্তী মাদারীপুর ও ফরিদপুর জেলার নির্ধারিত কেন্দ্র ও উপকেন্দ্রে। পরীক্ষা আয়োজনের অনুকূল পরিবেশ না থাকায় এ সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।

রোববার (২৯ নভেম্বর) শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানুর সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপালগঞ্জে এইচএসসি সম্পূরক পরীক্ষা আয়োজনের অনুকূল পরিবেশ না থাকায় জেলার পাঁচটি কেন্দ্রের পরীক্ষা অন্য জেলায় নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে মাদারীপুরের রাজৈর উপজেলা ও ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বিভিন্ন কেন্দ্র ও উপকেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, গোপালগঞ্জ সরকারি কলেজ কেন্দ্রের পরীক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হবে মাদারীপুরের সরকারি রাজৈর কপালী যুবক সংঘ পাইলট মডেল ইনস্টিটিউশন ও কলেজ উপকেন্দ্রে।

কাশিয়ানীর রামদিয়া সরকারি শ্রীকৃষ্ণ কলেজ কেন্দ্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে ফরিদপুরের আলফাডাঙ্গা সরকারি কলেজ কেন্দ্রে। কোটালীপাড়া সরকারি আদর্শ কলেজ কেন্দ্রের পরীক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হবে রাজৈর সরকারি কলেজ উপকেন্দ্রে।

এ ছাড়া টুঙ্গিপাড়া সরকারি বাশিয়াখালী স্কুল অ্যান্ড কলেজ এবং মুকসুদপুর সরকারি কলেজ কেন্দ্রের পরীক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে রাজৈরের শহীদ সরদার শাহজাহান উচ্চমাধ্যমিক বালিকা বিদ্যালয় উপকেন্দ্রে।

বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং ভারপ্রাপ্ত কর্মকর্তাদের পরীক্ষার আয়োজন ও ব্যবস্থাপনায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com