শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
Logo
×

ঘুমন্ত কিশোরীকে গরম পানিতে ঝলসে দেন মামি, ৪৯ দিন পর মৃত্যু

Icon প্রথম সমাচার ডেস্ক

গত ২৫ সেপ্টেম্বর দুপুরে রওশন আরা ও পরিবারের অন্য সদস্যরা বাড়ির বাইরে ছিলেন। এ সময় ঘরে একা ঘুমিয়ে ছিল আফরিন। পরিবারের সদস্যদের অনুপস্থিতির সুযোগে ঘরে ঢুকে ঘুমন্ত আফরিনের শরীরে গরম পানি ঢেলে দেওয়া হয়। এতে তার কোমরসহ শরীরের বিভিন্ন অংশ মারাত্মকভাবে ঝলসে যায়।

আফরিনের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন। সেখানে প্রায় এক মাস চিকিৎসা নেওয়ার পর সম্প্রতি তাকে বাড়িতে নিয়ে আসা হয়। শুক্রবার বিকালে শারীরিক অবস্থার অবনতি হলে তার মৃত্যু হয়।

এ ঘটনায় কিশোরীর মা রওশন আরা বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি মামলা করেন। পুলিশ এ পর্যন্ত মামলার আসামি মামা জাকির হোসেন, মামি সোনিয়া আক্তার ও মোস্তফা মিয়াকে গ্রেফতার করেছে। তারা বর্তমানে নারায়ণগঞ্জ কারাগারে রয়েছেন।

নিহত আফরিনের মা রওশন আরা জানান, জমি নিয়ে বিরোধের পাশাপাশি একটি মোবাইল ফোন হারানোকে কেন্দ্র করেও জাকির ও সোনিয়ার সঙ্গে তাদের বিরোধ তৈরি হয়েছিল। এর জের ধরেই তার মেয়েকে গরম পানি ঢেলে ঝলসে দেওয়া হয়। তিনি মেয়ের হত্যাকারীদের ফাঁসি দাবি করেন।

সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারিক জানান, কিশোরীকে গরম পানি ঢেলে ঝলসে দেওয়ার ঘটনায় তিনজনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। কিশোরীর মৃত্যুর পর আগের মামলাটি এখন হত্যা মামলায় রূপান্তরিত করা হবে। মামলার অন্য আসামিদেরও গ্রেফতারে অভিযান চলছে।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com