প্রথম সমাচার ডেস্ক:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, সরকার ঘুষকে ‘উপহার’, চাঁদাবাজিকে ‘সমঝোতা’ এবং ঋণখেলাপিকে ‘ঋণগ্রস্ত’ বলছে। সরকারের বিরুদ্ধে শব্দের মারপ্যাঁচে বাস্তবতা আড়াল করার অভিযোগ তুলে তিনি বলেন, পোশাকশিল্পের মালিকেরা বিভিন্ন সরকারি দপ্তর ও প্রভাবশালী ব্যক্তিদের কথিত উপহার দিতে দিতে দুর্বিষহ জীবনযাপন করছেন। অথচ শ্রমিকদের মজুরি বাড়ানোর দায়িত্ব মালিকদের ওপরই চাপানো হচ্ছে।মঙ্গলবার জাতীয় সংসদে পোশাকশিল্পের সংকট নিয়ে আলোচনায় অংশ নিয়ে বিরোধী দলের এই সংসদ সদস্য সরকারের ব্যবস্থাপনা, ব্যবসার পরিবেশ, দুর্নীতি ও জ্বালানি পরিস্থিতির সমালোচনা করেন। তিনি বলেন, ‘শ্রমিক যদি না বাঁচে, শিল্প যদি না বাঁচে, তাহলে দেশ বাঁচবে না’—এ কথা সরকার ও বিরোধী দল উভয় পক্ষই বিশ্বাস করে। কিন্তু প্রশ্ন হচ্ছে, সরকার নিজেই যদি ব্যবসার প্রতিবন্ধকতা তৈরি করে, তাহলে শিল্প বাঁচানো কঠিন।হাসনাত আবদুল্লাহ বলেন, গত তিন বছরে মূল্যস্ফীতি সম্মিলিতভাবে ২৬ শতাংশের বেশি বেড়েছে। ঢাকা শহরে চার সদস্যের একটি পরিবারের মাসিক খাবারের খরচ ১২ থেকে ১৬ হাজার টাকা। অথচ পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মজুরি ১২ হাজার টাকা। এই পরিস্থিতিতে শ্রমিকদের জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। খাদ্যপণ্যের উচ্চমূল্যের পাশাপাশি গ্যাসের মূল্যবৃদ্ধি ও জ্বালানিসংকট তাঁদের দুর্ভোগ আরও বাড়িয়েছে।সংসদে আগের বক্তা পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকির প্রতি ইঙ্গিত করে হাসনাত আবদুল্লাহ বলেন, তিনি ক্ষমতায় গেলে জাতীয় মজুরি ২০ হাজার টাকা নির্ধারণের কথা বলেছিলেন। সেই প্রতিশ্রুতির প্রতিফলন মজুরি বোর্ডের কার্যক্রমে দেখা যাবে বলে তাঁরা আশা করেছিলেন; কিন্তু মজুরি বোর্ডের বৈঠকও নিয়মিত হচ্ছে না। শ্রমিকদের আন্দোলনকে তিনি যৌক্তিক বলে উল্লেখ করেন। তাঁর অভিযোগ, সরকার পরিস্থিতি যথাযথভাবে সামাল দিতে পারছে না।পোশাকশিল্পের মালিকদের দুর্ভোগের চিত্র তুলে ধরে হাসনাত বলেন, ‘গার্মেন্টস শিল্পের কাঁচামালের প্রায় সবটাই বিদেশ থেকে আমদানি করতে হয়। এসব কাঁচামাল আমদানি থেকে শুরু করে বন্দর, বন্ডেড ওয়্যারহাউস, কারখানা এবং রপ্তানি পর্যন্ত বিভিন্ন পর্যায়ে একাধিক সরকারি দপ্তরের অনুমতি নিতে হয়। প্রতিটি পর্যায়েই মালিকদের কথিত “উপহার” দিতে হয়।’এ প্রসঙ্গে জর্জ অরওয়েলের উপন্যাসের প্রসঙ্গ টেনে বিরোধী দলের এই সদস্য ব্যঙ্গ করে বলেন, ‘এটা তো ঘুষ বলা যাবে না, এটাকে উপহার বলতে হবে। ঠিক একইভাবে এই সরকার জর্জ অরওয়েলের ফর্মুলাটা ভালোভাবে অ্যাডপ্ট করতে পেরেছে। এই সরকার যেটা করেছে—ওনারা ঋণখেলাপি বলেন না, ওনারা বলেন “ঋণগ্রস্ত”। ওনারা চাঁদাবাজি বলেন না, ওনারা বলেন, “সমঝোতা”। আবার ওনারা ঘুষ বলেন না, ওনারা বলেন কী? “উপহার”। এই উপহারের অত্যাচারে আজকের যারা গার্মেন্টস মালিকেরা রয়েছেন, তাঁরা এই উপহার দিতে দিতে দুর্বিষহ জীবনযাপন করছেন, মাননীয় স্পিকার।’হাসনাতের অভিযোগ, কারখানা পরিদর্শনের নামেও হয়রানি করা হয়। আবার ব্যবসার নিরাপত্তা নিশ্চিত করতে সরকারদলীয় নেতা বা প্রভাবশালী ব্যক্তিদের পরামর্শক হিসেবে নিয়োগ দিয়ে অর্থ দিতে হয়, যা ‘প্রোটেকশন মানি’ হিসেবে পরিচিত। এ ছাড়া ২৬ মার্চ, ১৬ ডিসেম্বর ও পয়লা বৈশাখের মতো সরকারি অনুষ্ঠানের নামে ইউএনও কার্যালয় ও পুলিশসহ বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ নেওয়া হয়। তিনি এসব অর্থ আদায়কে ‘সরকারি চাঁদা’ বলে উল্লেখ করেন।ব্যবসা পরিচালনার পরিবেশ সহজ করার দাবি জানিয়ে এই সংসদ সদস্য বলেন, শ্রমিকদের বেতন সরকার দেয় না, মালিকদেরই দিতে হয়। তাই সরকারের কাজ হচ্ছে ব্যবসা সহজ করা, উৎপাদন ব্যয় কমানো এবং ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি করা; কিন্তু সরকার সেই ভূমিকা পালন না করে ব্যবসার প্রতিবন্ধকতা বাড়াচ্ছে। এ ক্ষেত্রে সরকারের সরাসরি সম্পৃক্ততা না থাকলেও নিষ্ক্রিয়তা রয়েছে বলে তিনি অভিযোগ করেন।গ্যাস–সংকট নিয়েও সরকারকে কটাক্ষ করেন হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, গ্যাস–সংকটের জন্য সরকার ইরানে বোমা মেরেছে, এমন কথা তাঁরা বলছেন না; কিন্তু সংকটকে পুঁজি করে দুর্নীতির সুযোগ তৈরি করা হচ্ছে। তৃতীয় এলএনজি রিগ্যাসিফিকেশন টার্মিনাল স্থাপনের প্রস্তাবের প্রসঙ্গ তুলে তিনি ৬ হাজার ৩০০ কোটি টাকার বেশি ব্যয়ের উদ্যোগ নিয়ে প্রশ্ন তোলেন। এ প্রকল্পের সঙ্গে সংসদ সদস্যের এক নাতির প্রস্তাবের মিল কোথায়, সে প্রশ্নের জবাব প্রতিমন্ত্রী দেননি বলেও অভিযোগ করেন তিনি।পোশাকশিল্পের সংকটের সঙ্গে রাজনৈতিক অস্থিতিশীলতার সম্পর্ক তুলে ধরে হাসনাত বলেন, এই আন্দোলনে আওয়ামী লীগের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে বলে তাঁরা দেখতে পেয়েছেন। এ ধরনের সম্পৃক্ততা ও নাশকতা প্রতিরোধের দায়িত্ব সরকারকে নিতে হবে। ভারতের ভূমি ব্যবহার করে আওয়ামী লীগ দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, গোপালগঞ্জ থেকে শুরু করে দেশের বিভিন্ন স্থানে অস্থিতিশীলতা ও আগুন-সন্ত্রাসের ঘটনা অব্যাহত থাকলে পোশাকশিল্পসহ কোনো খাতই টিকে থাকতে পারবে না।এনসিপির নেতা হাসনাত আবদুল্লাহ আরও বলেন, বাংলাদেশের পোশাকশিল্পের ৪৫ বিলিয়ন ডলারের বাজার ধরে রাখতে হলে শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ, মালিকদের জন্য স্বস্তিদায়ক ব্যবসার পরিবেশ এবং দেশের স্থিতিশীলতা নিশ্চিত করতে হবে। বর্তমানে অর্ডারের মৌসুমে বাংলাদেশের বেশির ভাগ অর্ডার ভারতে স্থানান্তরিত হতে শুরু করেছে বলেও তিনি দাবি করেন। তাঁর ভাষ্যমতে, এ পরিস্থিতি অব্যাহত থাকলে দেশের কর্মসংস্থানের সংকট আরও বাড়বে।সংকট সমাধানে সরকার ও বিরোধী দলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে হাসনাত বলেন, শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সংগতি রেখে মজুরি সমন্বয় করতে হবে। একই সঙ্গে ব্যবসায়ীদের ওপর থেকে অপ্রয়োজনীয় ব্যয়, হয়রানি ও চাঁদার চাপ কমাতে হবে। আওয়ামী লীগের যাঁরা এসব ষড়যন্ত্রে জড়িত এবং অর্থায়ন করছেন, তাঁদের খুঁজে বের করে যথাযথ ব্যবস্থা নিতে হবে।

রোনালদোর ৭ নম্বর জার্সি পেয়েই বাজিমাত, পর্তুগালের নতুন নায়ক ফর্বস
খোলা বোতলে তেল বিক্রি না করায় ফিলিং স্টেশনে ভাঙচুর, দুই কর্মচারীকে তুলে নেওয়ার অভিযোগ
সিঙ্গাপুরের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে পারে বাংলাদেশ