শনিবার, ২১ নভেম্বর ২০২৬
Logo
×

ঘূর্ণিঝড়ের প্রভাবে বাড়তে পারে বৃষ্টি, কবে আসছে শীত

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’ দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। ওডিশা রাজ্যের উপকূলবর্তী এলাকায় আঘাত হেনেছে। শুক্রবার (২০ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টার দিকে মধ্য ওডিশার গোপালপুর এলাকায় ঝড়টি আঘাত হানে।

এর প্রভাবে আজ শনিবার (২১ নভেম্বর) ও আগামীকাল রোববার (২২ নভেম্বর) পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে। তবে গতকালের তুলনায় আজ ঢাকায় বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকতে পারে।

নভেম্বরে স্বাভাবিকের তুলনায় বৃষ্টিপাত বেশি নাকি কম হয়েছে, তা এখন-ই বলা না গেলেও চলমান বৃষ্টির কারণে সাময়িকভাবে ঠান্ডা অনুভূত হচ্ছে এবং আগামী কয়েক দিনও হতে পারে। তবে এটিকে শীতের স্থায়ী আগমন হিসেবে দেখার সুযোগ নেই বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

আবহাওয়াবিদ বজলুর রশীদ গণমাধ্যমকে বলেছেন, চলমান বৃষ্টিপাতের পর রাতের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। এতে সাময়িকভাবে ঠান্ডার অনুভূতি বাড়লেও সেটিকে শীতের স্থায়ী আগমন বলা যাবে না। কারণ বৃষ্টির পর সাময়িকভাবে তাপমাত্রা কমলেও পরবর্তী সময়ে আবার বাড়তে পারে।

তিনি জানান, মূলত ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে তাপমাত্রা কমতে শুরু করবে, যার প্রভাবে উত্তরাঞ্চলে আগে শীতের অনুভূতি বাড়বে। ঢাকা ও দক্ষিণাঞ্চলে শীতের অনুভূতি বাড়তে আরও কিছুটা সময় লাগতে পারে। এরই মধ্যে দেশের উত্তরাঞ্চলের কিছু এলাকায় তাপমাত্রা কমতে শুরু করেছে।

আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেন, এ ধরনের আবহাওয়াব্যবস্থার প্রভাবে বৃষ্টিপাত হলে ভূপৃষ্ঠের তাপমাত্রা কিছুটা কমে যায়। তবে শুধু বৃষ্টির কারণেই শীত নামে না। তার ভাষায়, নভেম্বরের শেষ দিকে এমনিতেই দিনের দৈর্ঘ্য কমে এবং রাত বড় হতে থাকে। ফলে সূর্যের তাপ পাওয়ার সময়ও কমে আসে। এরই ধারাবাহিকতায় ধীরে ধীরে শীতের অনুভূতি বাড়তে থাকে।

তিনি আরও বলেন, সাধারণত ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত শীতকাল বিরাজ করে। আর নভেম্বরের শেষ দিক থেকে বাংলাদেশে শীতের আগমনী পরিস্থিতি শুরু হয়। তবে শীতের তীব্রতা বছরভেদে কমবেশি হতে পারে।

এবারের শীত কেমন হতে পারে, সে বিষয়ে ধারণা দিয়ে ড. মল্লিক বলেন, চলতি মৌসুমে বাংলাদেশে তুলনামূলক উষ্ণ শীতের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ গত ৩০ বছরের তুলনায় এবার শীতকালে রাতের তাপমাত্রা কিছুটা বেশি থাকতে পারে। ফলে শৈত্যপ্রবাহের তীব্রতা ও স্থায়িত্ব তুলনামূলক কম হতে পারে। এমনকি শীতের সামগ্রিক স্থায়িত্বও কিছুটা কমে আসার সম্ভাবনা রয়েছে। তবে এর অর্থ এই নয় যে শীতকালে তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমবে না বা শৈত্যপ্রবাহ হবে না।

এ সপ্তাহের শেষ দিকে তাপমাত্রা কমতে শুরু করতে পারে। বিশেষ করে ২৫ ও ২৬ নভেম্বরের পর শীতের অনুভূতি বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়াবিদ ড. ওমর ফারুক।

তিনি বলেন, ঘূর্ণিঝড়টি ইতোমধ্যে দুর্বল হয়ে গেছে। এটি প্রথমে প্রবল ঘূর্ণিঝড়, পরে ঘূর্ণিঝড়, গভীর নিম্নচাপ এবং এরপর নিম্নচাপে পরিণত হয়েছে। বর্তমানে এটি আরও দুর্বল অবস্থায় রয়েছে। একেবারে বিলীন হতে কিছুটা সময় লাগতে পারে।

এদিকে ঢাকাসহ দেশের ১২টি জেলায় অস্থায়ীভাবে দক্ষিণ-পশ্চিম বা দক্ষিণ দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (২২ নভেম্বর) সকালে আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, পাবনা, টাঙ্গাইল, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার ওপর দিয়ে দক্ষিণ অথবা পশ্চিম-দক্ষিণ দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিমি বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেইসঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির শঙ্কা রয়েছে।

এ কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

গতকাল শুক্রবার (২০ নভেম্বর) অন্য এক বিজ্ঞপ্তিতে অধিদপ্তর জানায়, দেশের সব বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে ঝড়বৃষ্টির এ প্রবণতা কয়েক দিন অব্যাহত থাকতে পারে।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com