প্রথম সমাচার ডেস্ক:
বেঁধে দেওয়া দুই দিনের সময়সীমা শেষ হওয়ার পরপরই নগরের আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার ‘বালুর মাঠ’ হিসেবে পরিচিত ১.৭৩ একরের আবাসিক প্লটটি সম্পূর্ণ দখলমুক্ত করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক)।
আজ বুধবার (১৮ নভেম্বর) চউকের ভ্রাম্যমাণ আদালত পুনরায় অভিযান চালিয়ে প্লটটিতে থাকা অবশিষ্ট অবৈধ স্থাপনাগুলোও গুঁড়িয়ে দেয়। এর মাধ্যমে দীর্ঘদিনের দখলদারিত্বের অবসান ঘটে এবং সম্পূর্ণ প্লটটি অবৈধ স্থাপনা মুক্ত হয়।
বিগত রবিবার (১৫ নভেম্বর) চউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের নির্দেশনায় বালুর মাঠে প্রথম দফায় বড় ধরনের উচ্ছেদ অভিযান চালানো হয়েছিল। সেদিন পে-লোডার দিয়ে মাঠের প্রায় এক একর জায়গাজুড়ে গড়ে ওঠা অধিকাংশ অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হয়। তবে মানবিক দিক বিবেচনা করে সে সময় ‘চৌধুরী সুপারশপের’ মালামাল এবং ‘এমিগো স্পোর্টস সেন্টারের’ জেনারেটর রুম সরিয়ে নেওয়ার জন্য কর্তৃপক্ষ দুই দিনের সময় বেঁধে দিয়েছিল।
নির্ধারিত সেই সময়সীমা অতিক্রান্ত হওয়ার পর আজ বুধবার চউকের স্পেশাল ম্যাজিস্ট্রেট হামীমুন তানজিনের নেতৃত্বে পুনরায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পে-লোডার ব্যবহার করে অননুমোদিত চৌধুরী সুপারশপ এবং এমিগো স্পোর্টস সেন্টার সম্পূর্ণভাবে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। এর ফলে পুরো ১.৭৩ একরের প্লটটি এখন শতভাগ অবৈধ দখলমুক্ত হলো।
অভিযান পরিচালনাকারী কর্মকর্তা তানজিব হোসেন জানান, চউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে কোনো ধরনের ছাড় দেওয়া হচ্ছে না। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের আওতাধীন সকল এলাকায় অননুমোদিত স্থাপনা নিয়ন্ত্রণ ও দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ বিষয়ে চউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন বলেন, ‘নগরবাসীর বসবাসের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে এবং সরকারি সম্পত্তি রক্ষায় আমরা বদ্ধপরিকর। যে উদ্দেশ্যে ভূমি বরাদ্দ দেওয়া হয়েছে, সেই উদ্দেশ্যেই যেন এর যথাযথ ব্যবহার হয়, তা নিশ্চিত করা হবে। অবৈধ দখলদারদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি চলমান থাকবে এবং ভবিষ্যতে এই প্লটটিতে যেন আর কোনো অননুমোদিত স্থাপনা নির্মিত না হয়, সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
এদিকে, পরপর দুই দফা অভিযানে পুরো বালুর মাঠ সম্পূর্ণ দখলমুক্ত হওয়ায় আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার বাসিন্দাদের মাঝে ব্যাপক স্বস্তি ও আনন্দ বিরাজ করছে। স্থানীয়রা জানান, এই মাঠে খেলাধুলা করে কয়েকটি প্রজন্ম বড় হয়েছে কিন্তু দীর্ঘদিন ধরে প্লটটি অবৈধ দখলদারদের কবলে থাকায় এবং মাদকের আখড়া গড়ে ওঠায় এলাকার পরিবেশ নষ্ট হচ্ছিল। চউকের এই কঠোর ও দ্রুত পদক্ষেপে আবাসিক এলাকায় বসবাসের সুষ্ঠু পরিবেশ ফিরে আসবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।

অপশক্তি গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে: স্পিকার
আওয়ামী লীগ সন্ত্রাসী গোষ্ঠী, মাথা তুলে দাঁড়ানোর আগেই বিষদাঁত ভেঙে দেবে জনগণ: প্রধানমন্ত্রী
‘নিরাপত্তার কারণে’ খুলনা ও বাগেরহাট থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ